ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে চালের দাম বাড়ছেই। ঈদের পর প্রায় সারা দেশে গড়ে প্রতি কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধিকে চালের পাইকারি ও খুচরা বাজার অস্থির হয়ে উঠার কারণ হিসেবে দেখাচ্ছেন ব্যবসায়ীরা।
এছাড়া বিভিন্ন জেলায় ধানের অভাবে চাল উৎপাদন কমে যাওয়ায় এবং দুর্গত এলাকায় ত্রাণের জন্য চাল পাঠানোর কারণেও বাজারে চালের দাম দফায় দফায় বাড়ছে বলে তারা জানিয়েছেন।
কয়েকটি জেলা থেকে পাওয়া খবরে জানা গেছে, প্রয়োজনীয় ধানের অভাবে ধানের চাতালগুলোর অধিকাংশই বন্ধ রেখেছে মালিকরা। এর ফলে চাল উৎপাদন কম হচ্ছে। এর প্রভাব পড়েছে স্থানীয় ও ঢাকার বাজারে।
রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী গোলাম মওলা রোববার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন চালের দাম বাড়ার প্রধান কারণ আন্তর্জাতিক বাজার। ভারতের চাল ব্যবসায়ীরা প্রতি টন চালের দাম ১০০ মার্কিন ডলার বাড়িয়ে দিয়েছে। গত বৃহষ্পতিবার যে চাল আমদানির জন্য ৪৩০ ডলারে (প্রতি টন) ঋণপত্র (এলসি) খোলা হয়েছিল, সেই চাল এখন ভারতের ব্যবসায়ীরা ৫৩০ ডলারের নীচে দিচ্ছেন না। এ কারণে বাজারে চালের দাম হঠাৎ করেই বেড়ে গেছে।"
এছাড়া পর পর দু দফা বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের কারণে দেশে ধান উৎপাদন কম হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম হওয়ায় চালের দাম বাড়ছে বলে তিনি জানান।
গোলাম মওলা বলেন, "প্রাকৃতিক দুর্যোগের কারণে যেহেতু চাল উৎপাদন কম হয়েছে, সেহেতু আমাদের আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করতে হচ্ছে।"
আন্তর্জাতিক বাজারে চালের দাম এভাবে বাড়তে থাকলে চালের দাম আরও বাড়বে বলে তিনি জানান।
চট্টগ্রামের চাক্তাইয়ের ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী দুই একদিনের মধ্যে চালের দাম আরও বাড়তে পারে বলে ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা জানিয়েছেন দুই/একদিনের মধ্যে ভারত থেকে চাল আমদানি করতে হলে টন প্রতি ৫০০ ডলার দরে কিনতে হবে। বর্তমানে এ দর ৪২০ থেকে ৪২৫ ডলার।
খাতুনগঞ্জের ব্যবসায়ী জানে আলম জানান, ভারতীয় চাল বাংলাদেশের চালের বাজার নিয়ন্ত্রণ করে। সেখানকার বাজার স্থিতিশীল না হলে এখানে চালের দাম আরও বাড়তে পারে। এ সপ্তাহে ভারতীয় ব্যবসায়ীরা টন প্রতি ৫০০ ডলারের নিচে চাল রপ্তানি করবে না বলে জানিয়ে দিয়েছেন। এটি কার্যকর হলে বাংলাদেশে চালের দাম আরও বেড়ে যাবে।
ঈদের আগে রাজধানীর খুচরা বাজারে প্রকার ভেদে মোটা চাল বিক্রি হয়েছে প্রতি কেজি ২৭ টাকা। এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ভাল মানের সরু চাল ঈদের আগে বিক্রি হয়েছে কেজি প্রতি ৩৮-৪০ টাকা। এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকায়।
রাজধানীর ব্যবসায়ীরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিডরের কারণে উত্তরাঞ্চলে মোটা চাল দক্ষিণাঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকায় রিলিফের জন্য চলে পাঠানোর কারণে ঢাকার বাজারে চাল সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে চালের দাম বাড়া অব্যাহত রয়েছে।
কাওরান বাজারের চাটখিল রাইচ এজেন্সির ব্যবস্থাপক বেল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুতন চাল উঠলেও দাম কমছে না। উল্টো আরও বাড়ছে।
তিনি বলেন, "আমরা জেনেছিলাম ঈদের পর চালের দাম কমবে। কিন্তু আড়তে চালের দাম বেশি হওয়ায় আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।"
একই বাজারে কুমিল্লা ট্রেডার্সের এর আবুল কাশেম জানান, "বাজারে নিম্ন মানের মোটা চালের কেজিই এখন ৩০ টাকা। ঈদের আগে পারি মোটা চাল ২৭ টাকা বিক্রি করেছি সে চাল এখন ৩০ টাকা বিক্রি করছি। আড়তদাররা চালের দাম বেশি রাখছে সে কারণে আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, বাজারে উঠা নুতন স্বর্ণা চাল ৩০ টাকা, মোটা পারি চাল ২৯ থেকে ৩০ টাকা, মোটা পাইজাম ৩০ থেকে ৩১ টাকা বিক্রি হচ্ছে। ঈদের আগে এসব চাল ২৬ থেকে ২৭ টাকায় বিক্রি হয়েছে। সরু নাজিরশাইল চাল ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হচ্ছে। ঈদে এর দাম ছিল ৩৮ থেকে ৪০ টাকা, মিনিকেট বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৩৯ টাকায়। ঈদের আগে এই চাল ৩৬ থেকে ৩৭ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর খুচরা বাজারদরের তালিকা অনুযায়ী সরু চালের দাম এক মাসে বেড়েছে ১১ দশমিক ৫৯ শতাংশ।
এর মধ্যে সাধারণ মানের নাজিরশাইল ও মিনিকেটের দাম কেজিপ্রতি ৩৫-৩৮ টাকা। এক সপ্তাহ আগে ছিল ৩৩-৩৭ টাকা। এক মাস আগের দাম ৩২-৩৫ টাকা।
ভালো মানের নাজিরশাইল ও মিনিকেট দাম টিসিবির তালিকায় দেখানো হয়েছে কেজিপ্রতি ৩৫-৪২ টাকা। এক সপ্তাহ আগে ছিল ৩৪-৩৯ টাকা। এক মাস আগের দাম ৩৩-৩৭ টাকা।
এক মাসে মাঝারি মানের চালের দামের প্রবৃদ্ধি ঘটেছে ১২ দশমিক ৯৬ শতাংশ।
টিসিবির রোববারের তালিকা অনুযায়ী সাধারণ মানের পাইজাম ও লতা চালের দাম কেজিপ্রতি ২৯-৩০ টাকা। গত সপ্তাহে ছিল ২৭-২৯ টাকা। আর এক মাস আগে এই দুই ধরনের চালের দাম ছিল কেজিপ্রতি ২৬-২৭ টাকা।
ভাল মানের পাইজাম ও লতা চালের দাম প্রতি কেজি ৩০-৩২ টাকা। এক সপ্তাহ আগে ছিল ২৮-৩০ টাকা। এক মাস আগের দাম ২৭-২৮ টাকা।
স্বর্ণা ও চায়না ইরি মোটা চালের দাম কেজিপ্রতি ২৮-৩০ টাকা। এক সপ্তাহ আগে এ চালের দাম ছিল ২৫-২৭ টাকা। এক মাস আগে বাজারদর ছিল ২৪-২৬ টাকা।
আমাদের চট্টগ্রাম অফিসের প্রতিবেদক শনিবার নগরীর খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের চাল আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানান, গত তিন সপ্তাহে প্রকার ভেদে চালের দাম কেজি প্রতি বেড়েছে আড়াই থেকে তিন টাকা।
চাক্তাই ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, এ সপ্তাহে দুই মণের (৭৪ কেজি ৬৪০ গ্রাম) প্রতি বস্তা চালের দাম বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা।
তিনি জানান, গত সপ্তাহে প্রতি দুই মণ বেতি আতপ চাল বিক্রি হয়েছে ১৯৫০ টাকায়। এ হিসাবে কেজি প্রতি পাইকারী বাজারে চালের দাম ছিল সাড়ে ২৫ টাকা। আর এ সপ্তাহে একই চালের দাম বেড়ে হয়েছে বস্তা প্রতি ২১০০ টাকা। অর্থাৎ কেজি প্রতি প্রায় ২৮ টাকা। সিদ্ধ বেতি ও স্বর্ণা চালও এই দরে বিক্রি হয়েছে।
ওমর আজম বলেন, "শুধু আন্তজার্তিক বাজারে দাম বৃদ্ধিই নয় দেশের বাজারে নতুন ধান না আসার প্রভাবেও চালের দাম বৃদ্ধি পাচ্ছে। নতুন ধান উঠলেও তা পাইকারী বাজারে আসছে না। এলাকাভিত্তিক সেগুলো সংগ্রহ ও বিক্রি হয়ে যাওয়ায় খুচরা বাজারে তার প্রভাব তেমন পড়ছে না।"
খাতুনগঞ্জের ব্যবসায়ী জানে আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পাইকারী বাজারে মোটা চাল কেজি প্রতি একটাকা করে বেড়েছে। আর উন্নতমানে সরু চাল দুই মণের প্রতি বস্তা ১৯০০ থেকে বেড়ে ২০০০ টাকা হয়েছে।
বিভিন্ন জেলায় চালের দাম বৃদ্ধি
আমাদের শেরপুর প্রতিনিধি জানান, জেলার হাট-বাজারে চালের দাম দুই সপ্তাহে কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা বেড়ে গেছে। মণপ্রতি বেড়েছে ১৫০ টাকার মত।
শেরপুর জেলা মিল মালিক সামিতির সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ শাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ধানের উৎপাদন কম হওয়ায় চাতালগুলো চাহিদা অনুয়ায়ী ধান পাচ্ছে না। সে কারণে জেলার প্রায় অর্ধেক চাতাল বন্ধ এবং এ শিল্পের সঙ্গে জড়িত ৫০ থেকে ৬০ হাজার নারী ও পুরুষ শ্রমিক বেকার হয়ে পড়ার উপক্রম হয়েছে।"
তিনি বলেন, "গত বছর এ সময়ে শেরপুর থেকে প্রতিদিন কমপক্ষে ১০০ ট্রাক চাল ঢাকাসহ সারাদেশে পাঠানো হলেও এবার ৪০/৫০ ট্রাকের বেশি পাঠানো যাবে না।"
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, মাত্র এক সপ্তাহের ব্যবধানে জেলার হাট বাজারে প্রতি কেজি চালের দাম চার থেকে ছয় টাকা বৃদ্ধি পেয়েছে। প্রতি দিনই পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বাড়ছে।
স্থানীয় হাটে ধানের দাম প্রতিমণ ৭০০ টাকা অতিক্রম করেছে। এ দাম আরও বাড়বে বলে জানিয়েছেন চাল উৎপাদনকারীরা।
বাজার ঘুরে জানা গেছে, মোটা চাল আমন দীঘা এক সপ্তাহে ৪ টাকা বেড়ে প্রতি কেজি ২৮ টাকা, স্বর্ণা ৫ টাকা বেড়ে ৩০ টাকা, পাইজাম ৬ টাকা বেড়ে ৩৬ টাকা, জিরাসাইল ৬ টাকা বেড়ে ৩৩ টাকা, নাজিরসাইল ও মিনিকেট ৬ টাকা বেড়ে ৪১ টাকা, সিদ্ধ কাটারিভোগ ৫ টাকা বেড়ে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে নতুন আসা পোলাওর চাল রেকর্ড ভঙ্গ করে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বাজারে বিক্রি হচ্ছে।
চাল উৎপাদনকারী হুমায়ুন কবির বলেন, হাটে ধানের দাম ৭০০ টাকা অতিক্রম করেছে। এ ধান কিনে চাল তৈরি করলে প্রতি কেজি চালের দাম পড়বে সাড়ে ২৬ টাকা। পাইকারী বাজারে এ চাল সাড়ে ২৭ টাকা বিক্রি করতে হবে।
রংপুর প্রতিনিধি জানান, চালের দাম এক মাসের ব্যবধানে ১০ টাকা বেড়ে ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একটু সরু চালের দাম এক মাসে প্রতি কেজিতে ৫ থেকে ৬ টাকা বেড়ে ৩৩ থেকে হয়েছে ৩৪ টাকা বেড়েছে।
প্রতি বস্তা মোটা চালের দাম ৩০০ টাকা বেড়ে শুক্রবার রংপুরে প্রতি বস্তা (দুই মণ) ২২শ টাকা দরে বিক্রি হয়েছে। সরু চাল বস্তা প্রতি বেড়েছে ৭০০ থেকে ৮০০ টাকা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার চালের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে আমন ধানের খারাপ ফলন। লক্ষ্যমাত্রার অর্ধেকও পূরণ না হওয়ায় কৃষকদেরকেই এবার এক মাস না যেতেই চাল কিনে খেতে হচ্ছে।
বগুড়া প্রতিনিধি জানান, এক সপ্তাহে কেজি প্রতি চালের দাম বেড়েছে দেড় টাকা। বগুড়া শহরের ফতেহ আলী বাজারে শনিবার বিআর-১১ চাল ২৭ টাকা, স্বর্ণা ২৮ টাকা, খাটোপাতা ২৯ টাকা, লাল পাইজাম ৩০ টাকা, রঞ্জিত ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেই এসব চালের দাম কেজি প্রতি দেড় টাকা কম ছিল।
ফতেহ আলী বাজারের খুচরা দোকানদার শ্রী সুকান্তি জানান, বগুড়াসহ উত্তরাঞ্চলে ঘন কুয়াশার কারণে ধান সিদ্ধ করে শুকাতে না পারায় বাজারে চালের সরবরাহ কম।
তিনি জানান, দাম বাড়তে পারে এমন আশংকায় অনেকে ৫/৬ মাসের চাল অগ্রিম কিনে রাখার কারণে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে।
দিনাজপুর প্রতিনিধি জানান, এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা। শনিবার দিনাজপুরের চালের বাজার এন.এ মার্কেটে প্রতি কেজি স্বর্ণা চাল বিক্রি হয়েছে ২৮ টাকা ৫০ পয়সা, পারি ৩০ টাকা, বিআর-২৮ চাল ৩০ টাকা এবং মিনিকেট ৩৭ টাকা ৫০ পয়সা। অথচ এক সপ্তাহ আগে স্বর্ণা চালের বাজার দর ছিল প্রতি কেজি ২৫ টাকা ৫০ পয়সা, পারি ২৭ টাকা ও বিআর-২৮ চাল ২৭ টাকা।
চাল ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবু জানান, এবার অন্যান্য জেলায় ধান আবাদ কম হলেও দিনাজপুর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে আমন আবাদ হয়েছে। বাইরে চাল পাঠানোর কারণে বাজারে এর চাপ পড়েছে।
দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সচিব হুমায়ুন কবীর জানান, জেলায় মোট ৩৪টি অটো রাইস মিল ও ৪৫২ টি হাসকিং মিলের মধ্যে ব্যাংক ঋণ, বিদ্যুৎ বকেয়া পরিশোধ ও ধান কেনার পুজি না থাকায় ২৭০টি চাল কল বন্ধ হয়ে গেছে।
লালমনিরহাট প্রতিনিধি জানান, শনিবার স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে মোটা বিআর-১১ চাল পাইকারী দরে প্রতি কেজি ২৭ এবং খুচরা মূল্যে ২৮ টাকা, স্বর্ণা পাইকারী দরে ২৮ এবং খুচরা মূল্যে ২৯ টাকা, পাইজাম পাইকারী দরে ৩০ এবং খুচরা মূল্যে ৩২ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা চাল ব্যবসায়ী আব্দুর রউফ জানান, আগামী কয়েকদিনের মধ্যে চালের মূল্য প্রতি কেজিতে আরও ২/১ টাকা করে বৃদ্ধি পাবে।
জেলা চাল কল মালিক সমিতির সভাপতি শেখ আবদাউল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মৌসুমে চাহিদার তুলনায় ধানের উৎপাদন কম হওয়ায় ধানের মূল্য গতবারের তুলনায় দ্বিগুন বৃদ্ধি পেয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, স্থানীয় চাল ব্যবসায়ী হামিদুর রহমান বলেছেন, বন্যা ও সার সংকটের কারণে আমন ধানের উৎপাদন কম হওয়ায়, বাজারে ধানের আমদানী কমে যাওয়ায় চালের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে।
জেলায় ঈদুল আযহার আগে মোটা চাল (বিআর-১১) কেজি প্রতি ২৩ থেকে ২৪ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে ওই চাল ২৭ থেকে ২৮ টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে।
এছাড়া সরু চাল (পাইজাম, বিআর-২৮) প্রতি কেজি ২৬ থেকে ২৭ টাকা ঈদের আগে বিক্রি হলেও বর্তমানে তা ৩৩ থেকে ৩৪ টাকা প্রতি কেজি। মোটা ধান ছিল প্রতিমন ৫৮০ টাকা, বর্তমান দর ৭০০ টাকা। সরু ধান এক সপ্তাহ আগে ছিল মণপ্রতি ৬২০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।
ঠাকুরগাঁ প্রতিনিধি জানান, জেলায় এক সপ্তাহে চালের দাম প্রতি কেজি ৩ টাকা থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। মোটা চালের দামের তুলনায় চিকন চালের দাম বেড়েছে বেশি।
ঠাকুরগাঁও শহরের প্রধান হাট কালিবাড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় স্বর্ণা চালের দাম এখন প্রতি কেজি ২৭ থেকে ২৯ টাকা। অথচ ঈদের আগে এই চালের দাম ছিল ২২/২৩ টাকা প্রতি কেজি। ২২ টাকা দামের মোটা চাল এখন বিক্রি হচ্ছে ২৬ টাকা থেকে ২৭ টাকা কেজি।
সবচেয়ে বেশি দাম বেড়েছে আতপ চালের। ৫০ টাকা কেজির কাটারীভোগ এখন ৬৫/৭০ টাকা এবং ৫৫ টাকার কালজিরা চাল এখন ৭০/৭৫ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।
হাসেম ট্রেডার্সের মালিক আবুল হাসেম জানান, তারা ১০০ কেজির চালের বস্তা কিনছেন ৩৫০০ থেকে ৩৮০০ টাকায়। অথচ ঈদের আগে এর দাম ছিল ৩০০০ থেকে ৩৪০০ টাকা।
ঠাকুরগাঁও জেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজু জানান, জেলার ১৫০০ চাল কলের মধ্যে ৮০০ মিল এখন ধান ও পুঁজির অভাবে বন্ধ হয়ে গেছে।
নীলফামারী প্রতিনিধি জানান, জেলায় চালের দাম বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ৮ টাকা।
আনন্দবাবুর পুল এলাকার ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহা জানান, গত সপ্তাহ আগে প্রতি কেজি স্বর্ণা চাল ২৫ টাকা, বি আর-১১ চাল ২২ টাকা, ব্রী-২৮ ও ব্রী-২৯ চাল ২৬ টাকা দামে বিক্রি হয়েছে। শনিবার প্রতি কেজি স্বর্ণা চাল ৩০/৩১ টাকা, বি আর-১১ জাত ৩০ টাকা, ব্রী-২৮ ও ব্রী-২৯ জাত ৩০ টাকা দামে বিক্রি হচ্ছে। পাইজাম জাতের চাল বাজারে এখন পাওয়াই যাচ্ছে না।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, এক সপ্তাহ আগে জেলায় মোটা চালের (লাল ও সাদা স্বর্ণা) দাম ছিল কেজিপ্রতি ২৩ টাকা। রোববার বিক্রি হয়েছে ২৮ টাকা। পারিজা ২৬ টাকা থেকে বেড়ে হয়েছে ৩১ টাকা। বিআর-২৮ বিক্রি হচ্ছে ৩৫ টাকা। এক সপ্তাহ আগে এর দাম ছিল ২৮ টাকা। মিনিকেট চাল প্রতিকেজি ৩২ টাকা থেকে বেড়ে হয়েছে ৪০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মিল মালিক সমিতির ও আতপ ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মসিউর রহমান বাবু জানান, সার, ডিজেল, মজুররি বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আমন ধান উৎপাদন কম হওয়ায় চালের দাম বেড়েছে। এর সঙ্গে দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণেও চালের দাম বাড়ছে।
সোনা মসজিদ স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল জানান, আগে ভারত থেকে এক মেট্রিক টন চাল আমদানি করা হত ৩৫০ ডলারে। ২৮ ডিসেম্বর থেকে তা আমদানি করতে হচ্ছে ৫০১ ডলার দিয়ে। বাজারে এর প্রভাব পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/এআরএইচ/এমএসবি/এমএ/১৯৪৭ঘ.
bdnews24