২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ ও ব্যাংক খাতের শেয়ারের দাম কমায় পুঁজি বাজারে দরপতন

বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমায় বৃহস্পতিবার শেয়ার বাজারে দরপতন হয়েছে। এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী ইয়াওয়ের সাইদের মতে, বুধবারের চঙ্গাভাবের পর বৃহস্পতিবারের পতন নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, "এটা বাজারের স্থিতিশীলতারই পরিচায়ক।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 01:52 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমায় বৃহস্পতিবার শেয়ার বাজারে দরপতন হয়েছে। এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী ইয়াওয়ের সাইদের মতে, বুধবারের চঙ্গাভাবের পর বৃহস্পতিবারের পতন নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি বলেন, "এটা বাজারের স্থিতিশীলতারই পরিচায়ক।" সাইদ আরো বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও কেন্দ্রীয় ব্যাংকের নজরদারীতে থাকায় এবং স্বচ্ছতা বেশি বলে ব্যাংকিং খাতের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেশি। এজন্য তাদের লেনদেনও বেশি। বৃহস্পতিবার দিনের শুরুতেই সাধারণ সূচকে পতন ঘটে। এরপর কিছুটা সামলে উঠলেও দিনের মাঝামাঝি থেকে আবার দরপতন শুরু হয়। তবে শেষ পর্যন্ত বাজার মোটামুটি স্থিতিশীল ছিল। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৪ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ কমে ৩০০৩ দশমিক ৮৭ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৩ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে হয়েছে ২৫২৩ দশমিক ২৩ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ কমে ২৪৫৫ দশমিক ৭৭ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১২৩ কোটি টাকার ৪০ লাখ ৫৯ হাজার ২৯৬টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৮৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা ইউসিবিএল এর শেয়ারের দাম ১০ দশমিক ৪৩ শতাংশ কমে হয়েছে ৩৯৮৯ টাকা। ব্যাংকটি ২০০৩ থেকে ২০০৫ পর্যন্ত তাদের আটকে থাকা বার্ষিক সাধারণ সভাগুলো ১০ জানুয়ারি করার ঘোষণা দিয়েছে। ব্যাংকটির এ ঘোষণা প্রসঙ্গে ইয়াওয়ের সাইদ বলেন, "ইউসিবিএল তাদের আগের হিসাবগুলো বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এর মানে সাধারণ সভায় কোনো বোনাস শেয়ারের ঘোষণা দেওয়া হবে না।" এদিন স্কয়ার ফার্মার শেয়ারের দাম এক দশমিক ৭৩ শতাংশ বেড়ে ৩৫৪৬ টাকা ৫০ পয়সা হয়। প্রাইম ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৪২ শতাংশ কমে ৯১৭ টাকা ৭৫ পয়সা হয়। এছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ২৬ শতাংশ কমে ১৬২৪ টাকা এবং উত্তরা ব্যাংকের শেয়ার এক দশমিক ১৬ শতাংশ কমে ৪৮২৪ টাকা ৭৫ পয়সা হয়। শাহজালাল ব্যাংক ও ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ডের শেয়ারের দাম কমলেও ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। বিদ্যুত খাতে সামিট পাওয়ার ও পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম কমেছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল রহমান সিরামিকস, আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, বিডি অটোকারস ও এক্সেলসিওর সুজ। সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউসিবিএল, পূরবী জেনারেল ইন্সুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, কেয়া কসমেটিকস ও টিউলিপ ডেইরি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বৃহস্পতিবার সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ১৮ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার টাকার ৯ লাখ ৩২ হাজার ৪০২টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮৩টির দাম কমেছে এবং ৩টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৭১ দশমিক ০৪ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ কমে ৭৬১৮ দশমিক ০৮ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৩৬ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ কমে হয়েছে ৪৯০১ দশমিক ২৩ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১৬ দশমিক ০৭ পয়েন্ট বা দশমিক ২৩ শতাংশ কমে ৬৮৯৬ দশমিক ৩০ পয়েন্ট হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/১৯৪৩ ঘ.