ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি অর্থবছরে জিডিপির (মোট জাতীয় উৎপাদন) প্রবৃদ্ধি অর্জিত না হওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ ব্যাংক। এবার বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ ধরা হলেও ব্যাংক মনে করছে, শেষ পর্যন্ত তা ৬ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২ শতাংশের মধ্যে নেমে আসবে।
পরপর দুদফা বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের আঘাত, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়া ও সরকারের দুর্নীতিবিরোধী অভিযান অর্থনীতিতে নেতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, "পরপর দুদফা বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে দেশের অর্থনীতির বড় ধরনের ক্ষতি হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, খাদ্যপণ্যসহ সবধরনের পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অর্থনীতি সঙ্কটে পড়েছে। এছাড়া, যেকোন সংস্কারের প্রথমদিকে ধাক্কা লাগে। বাংলাদেশেও একই ঘটনা ঘটেছে। সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানসহ বিভিন্ন সংস্কারের কারণে বর্তমানে অর্থনীতি থমকে আছে। আস্তে আস্তে অবশ্য তা ঠিক হয়ে যাবে।"
বাংলাদেশ ব্যাংকের 'পলিসি অ্যানালাইসিস ইউনিট' এর গবেষণার তথ্য বিশ্লেষণ করে তিনি বলেন, "এবার প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ২ থেকে ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে নেমে আসবে।"
চলতি ২০০৭-০৮ অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ শতাংশ। গত ২০০৬-০৭ অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এবার লক্ষ্যমাত্রার চেয়ে প্রবৃদ্ধি কম হবে বলে এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন দাতা সংস্থা ও বেসরকারি গবেষণা সংস্থা।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর হিসেবে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ হবে। অন্যদিকে, বেসরকারি সংস্থা 'উন্নয়ন সমুন্বয়' গত সোমবার এক সংবাদ সম্মেলনেও প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে জানায়।
সংবাদ সম্মেলনে গভর্নর দেশে খাদ্যঝুঁকির সম্ভাবনা নাকচ করে বলেন, "কোনো অবস্থাতেই যাতে খাদ্যঘাটতি না হয় সেজন্য খাদ্য আমদানি করতে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে প্রয়োজনীয় অর্থ ছাড় করা হচ্ছে। এরই মধ্যে ১৮ কোটি ৪০ লাখ ডলার ছাড় করা হয়েছে। প্রয়োজনে আরও অর্থের যোগান দেওয়া হবে।"
আন্তর্জাতিক বাজারের পরিপ্রেক্ষিতে স্থানীয় বাজারে জিনিসপত্রের দাম সহসা কমবে না বলে মনে করেন ড. সালেহউদ্দিন আহমেদ। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রয়োজনীয পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
গভর্নর দাবি করেন, "অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের বিভিন্ন প্রতিকূলতার পরও ২০০৭-০৮ অর্থবছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল রয়েছে। ভবিষ্যতে আন্তরিকতা, জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতে মুদ্রানীতি ও রাজস্বনীতি সমন্বয়ের মাধ্যমে অর্থনীতিতে বিরাজমান সাময়িক চাপ কাটিয়ে উঠে আশানুরূপ প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে।"
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী, মুরশিদ কুলি খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএ/১৯০৫ ঘ.
bdnews24