২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি ব্যাংকগুলোকে সহজ শর্তে ঋণ বিতরণের নির্দেশ

কৃষিখাতের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পে সহজ শর্তে ও কম সুদে দ্রুততর সময়ের মধ্যে ঋণ বিতরণের জন্য বেসরকারি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। ঘূর্ণি দুর্গত এলাকায় ভেঙ্গে পড়া অর্থনীতি চাঙ্গা করতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে গভর্নর এ নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 09:33 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিখাতের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্পে সহজ শর্তে ও কম সুদে দ্রুততর সময়ের মধ্যে ঋণ বিতরণের জন্য বেসরকারি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। ঘূর্ণি দুর্গত এলাকায় ভেঙ্গে পড়া অর্থনীতি চাঙ্গা করতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে গভর্নর এ নির্দেশ দেন। বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের বলেন, "দুর্গত এলাকার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার জন্য আমরা ব্যাংকগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছি। এরই অংশ হিসেবে আজ (মঙ্গলবার) বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করেছি।" তিনি জানান, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে সহজ শর্তে ও অপেক্ষাকৃত কম সুদে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণের জন্য বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ড. সালেহউদ্দিন আরো বলেন, "চলতি ২০০৭-০৮ অর্থ বছরে কৃষিখাতে ঋণ বিতরণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে আট হাজার কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর লক্ষমাত্রা হলো এক হাজার ৩০০ কোটি টাকা। এর মধ্যে অর্থ বছরের পাঁচ মাসে (জুলাই থেকে নভেম্বর) ৬৩৫ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে বেসরকারি ব্যাংকগুলো। তবে বারবার তাগাদা দেওয়ার পরও সব বেসরকারি ব্যাংক কৃষি ঋণ বিতরণে এগিয়ে আসেনি; মাত্র কয়েকটি ব্যাংক কৃষিঋণ দিয়েছে।" বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীরা জানান, দেশের সব এলাকায় তাদের শাখা না থাকায় তারা কৃষি ঋণ বিতরণ করতে পারছে না। এ ব্যাপারে গভর্নর বলেন, "আমি তাদের বলেছি- যেসব এলাকায় ব্যাংকের শাখা নেই, সেসব এলাকায় এনজিওগুলোর মাধ্যমে ঋণ বিতরণ করার জন্য।" এ ছাড়া কৃষির পাশাপাশি শস্য গুদামজাত ও বাজারজাত করতেও ঋণ বিতরণ দিতে ব্যাংকারদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহী বলেন, "যতোটা সম্ভব সহনীয় সুদে কৃষিঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। কৃষিখাতে কম লাভ হলেও অন্য খাত দিয়ে তাদের পুষিয়ে নিতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের শুধু কৃষি নয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও ঋণ দিতে পরামর্শ দেওয়া হয়েছে।" বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা ও ৩০টি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/জিএনএ/১৫২৮ ঘ.