ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টানা তিন দিন পতনের পর বুধবারও পুঁজি বাজারে ছিল মন্দাভাব। প্রধান শেয়ার সূচকগুলোতে বড় ধরনের কোনো ওঠা-নামা হয়নি। লেনদেনের নেতৃত্বে ছিল ব্যাংকিং খাতের শেয়ার।
পুঁজি বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "ইউসিবিএল ব্যাংকের আটকে থাকা বার্ষিক সাধারণ সভা করার ব্যাপারে আদালতের আদেশ এবং এক্সিম ব্যাংকের শেয়ার গ্রাহকদের সম্পর্কে প্রতিবেদন প্রকাশসহ বিভিন্ন কারণে ব্যাংকিং খাতের শেয়ারের দাম বেড়েছে। এছাড়া বছর শেষে ব্যাংকগুলোর ক্লোজিং। তাই নতুন বছরের শুরুতে শেয়ারের দাম বাড়তে পারে এই আশায় বিনিয়োগকারীরা এ খাতের প্রতি আগ্রহী হচ্ছেন।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক এক দশমিক ২০ পয়েন্ট বা দশমিক ০৪ শতাংশ বেড়ে ২৮৯৮ দশমিক ৩৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক এক দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ কমে হয়েছে ২৪৪৬ দশমিক ৪২ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে ২৩১০ দশমিক ৫২ পয়েন্ট হয়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১০ কোটি টাকার ৬৪ লাখ ৯০ হাজার ৩৮টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এক্সিম ব্যাংকের শেয়ারের দাম দশমিক ০৬ শতাংশ কমে হয়েছে ৩৯২ টাকা ৫০ পয়সা।
ইউসিবিএল এর শেয়ারের দাম ২ দশমিক ৩৪ শতাংশ কমে হয়েছে ৪৫০৩ টাকা ২৫ পয়সা। ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে, হয়েছে ১৩৩০ টাকা ৫০ পয়সা।
এছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ১২ শতাংশ বেড়ে ১৫৪৫ টাকা ৭৫ পয়সা এবং ডাচ-বাংলা ব্যাংকের শেয়ার ৪ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৬৯৯৪ টাকা হয়েছে।
এদিকে ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ডের শেয়ার ২ দশমিক ৩৪ শতাংশ কমে ১৪৩৬ টাকা ২৫ পয়সা হয়েছে। এবি ব্যাংক, সামিট পাওয়ার, উত্তরা ব্যাংক ও ইসলামী ব্যাংকের শেয়ারের দামও কমেছে।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল বিডি ডায়িং, সায়হাম টেক্সটাইল, গ্লোবাল ইন্সুরেন্স, সমতা লেদার ও পেপার প্রসেসিং লি। সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেয়া কসমেটিকস, কেয়া ডিটারজেন্ট, প্রাইম ইনসুরেন্স, গ্রামীণ বাংলা ফুডস ও এইচআর টেক্সটাইল।
ঢাকায় মন্দাভাব চললেও বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ছিল ঊর্ধ্বমুখী। এ বাজারে ১৪ কোটি ৫০ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫৪টির দাম কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত ছিল।
সিএসইতে সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৮ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে ৭৪০২ দশমিক ৪২ পয়েন্ট হয়। সিএসসিএক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৯ দশমিক ২০ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে হয়েছে ৪৭৩৩ দশমিক ৬৮ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১৯ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে ৬৫১৫ দশমিক ৫২ পয়েন্ট হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/১৯০০ ঘ.
bdnews24