ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে সন্দেহভাজন কর ফাঁকিবাজদের জব্দ (ফ্রিজ) করা একাউন্ট থেকে টাকা তুলতে দিতে আরও নমনীয় হবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ এ কথা বলেছেন।
সোমবার সুইজারল্যান্ডের সঙ্গে দ্বৈতকর পরিহার চুক্তি সম্পাদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, "জব্দ করা একাউন্টগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যে এ সব একাউন্ট থেকে টাকা তোলার নিয়ম-কানুন কিছুটা শিথিল করা হয়েছে। ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার পর যে সব একাউন্টে অনিয়ম নেই বলে প্রতীয়মান হবে সেগুলো থেকে টাকা তোলার ক্ষেত্রে আরও নমনীয় মনোভাব দেখানো হবে।"
এনবিআর চেয়ারম্যান বলেন, "অনেক ব্যবসায়ী শিল্পপতির ব্যাংক একাউন্ট জব্দ থাকার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করা কঠিন হচ্ছে। অনেক প্রতিষ্ঠান কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে পারছে না। এ সব বিষয় বিবেচনায় রেখে জব্দ করা একাউন্টের ক্ষেত্রে নিয়ম-কানুন শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এক প্রশ্নের উত্তরে আবদুল মজিদ বলেন, সরকার ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বেটার বিজনেস ফোরাম গঠন করা হয়েছে। সাবেক উপদেষ্টা আকবর আলি খানকে প্রধান করে রেগুলেটরি রিফর্মস কমিশন (আরআরসি) গঠন করা হয়েছে। এ সব পদক্ষেপ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে ইতিবাচক ফল দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমান তত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা এবং তাদের পরিবারের সদস্যসহ রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী শিল্পপতিদের ১২৯টি ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে।
সুইজারল্যান্ডের সঙ্গে দ্বৈতকর পরিহার চুক্তি সম্পর্কে সোমবার সন্ধ্যায় এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তিতে দ্বৈতকর পরিহার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মোট ২৮টি ধারা রয়েছে। সুইজারল্যান্ডের সঙ্গে স্বাক্ষরিত এ চুক্তির বিবষয়াবলী বাংলাদেশের সঙ্গে ইতিপূর্বে অন্যান্য দেশের সঙ্গে সম্পাদিত অনুরুপ চুক্তির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এনবিআর চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, এ চুক্তির ফলে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাংলাদেশে দেশটির বিনিয়োগ বাড়বে।
এনবিআরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ২৭টি দেশের সঙ্গে দ্বৈতকর পরিহার চুক্তি করেছে করেছে বাংলাদেশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/১৯৪৯ ঘ.
bdnews24