২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই-এর নির্বাচনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। পাশাপাশি এ নির্বাচনের ভোটার তালিকা থেকে বিজিএমইএ মনোনীত ৫ ভোটারকে বাদ দিয়ে এফবিসিসিআই যে আদেশ দিয়েছিল তাও অবৈধ ঘোষণা করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 01:54 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই-এর নির্বাচনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। পাশাপাশি এ নির্বাচনের ভোটার তালিকা থেকে বিজিএমইএ মনোনীত ৫ ভোটারকে বাদ দিয়ে এফবিসিসিআই যে আদেশ দিয়েছিল তাও অবৈধ ঘোষণা করেছে আদালত। বৃহষ্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি শহীদুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ বিজিএমইএ-র ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল সামাদ ও সাবেক সভাপতি আনিসুল হকের দায়ের করা রিট আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ করে এই রায় দেন। রায়ের প্রতিক্রিয়ার আনিসুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা জিতেছি। সত্যের জয় হয়েছে। ভুল সবাই করে। এফবিসিসিআই যদি কোন ভুল করে থাকে তা শুধরে আসুন আমরা সবাই মিলে বন্ধুত্বপূর্ণ পরিবেশে নির্বাচন করি। এফবিসিসিআই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। এর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে।" এফবিসিসিআই নির্বাচনের জন্য গত ১৪ জুন বিজিএমইএ এর ৫ সদস্যকে ভোটার হিসাবে মনোনয়ন দেয়। এরা হলেন ফয়সাল সামাদ, আনিসুল হক, মো. আবদুস সালাম, ফেরদৌস পারভেজ ও এ বি এম শামসুদ্দিন। এছাড়া আনিসুল হককে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পরিচালক হিসাবেও মনোনয়ন দেওয়া হয়। ভোটার তালিকায় এই ৫ জনের নাম অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে বিজিএমইএ সদস্য মাহবুব মিনহাজ এফবিসিসিআই-এর নির্বাচন আপিল বোর্ডে একটি আবেদন করেন। তার এই আবেদন গত ৩ জুলাই খারিজ হয়ে যায়। মিনহাজ এর বিরুদ্ধে এফবিসিসিআই সালিশি ট্রাইবুনালে আপিল করেন। গত ২৫ সেপ্টেম্বর তার এই আপিল মঞ্জুর করে ওই ট্রাইবুনাল ওই ৫ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে ফয়সাল সামাদ ও আনিসুল হক হাইকোর্টে রিট আবেদন করলে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট ট্রাইবুনালের এই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর আদেশ জারি করে। একইসঙ্গে আদালত তখন এফবিসিসিআইয়ের নির্বাচন স্থগিত করে। বৃহস্পতিবার হাইকোর্ট এফবিসিসিআই এর নির্বাচনের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার ও ৫ ভোটারকে বাদ দেওয়া অবৈধ ঘোষণা করল। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। মাহবুব মিনহাজের পক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি। এফবিসিসিআই-এর পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজীব উল আলম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯৪৮ঘ.