ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সৌদি যুবরাজের পর এবার বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক কেনার আগ্রহ দেখিয়েছে সেদেশেরই অন্যতম শীর্ষ বাণিজ্যগোষ্ঠী দালাহ আল বারাকা গ্র"প।
এ বিষয়ে আলোচনার জন্য প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল শুক্রবার রাতেই ঢাকা আসবে বলে জানিয়েছেন বিনিয়োগ বোর্ডের কর্মকর্তারা। বিশ্বব্যাপী ৪০টিরও বেশি দেশে দালাহ আল বারাকা গ্র"পের নিয়ন্ত্রণে তিনশ'র মতো কোম্পানি রয়েছে।
বাংলাদেশে ওই গ্র"পের প্রতিনিধি ফজলুল হক বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সৌদি যুবরাজ বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সউদ ব্যাংকটি না কিনলে আমরা সেটি নিতে আগ্রহী।"
দালাহ আল বারাকা গ্র"প বেসরকারি খাতের ওরিয়েন্টাল ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক কেনায়ও আগ্রহী বলে জানান ফজলুল হক। এছাড়া, তারা বাংলাদেশের নগর পরিচ্ছন্নতা প্রকল্প, বিমানবন্দর ব্যবস্থাপনা, বিমান পরিবহন সংস্থা বাংলাদেশ বিমানের উন্নয়ন, স্বাস্থ্য সেবাখাত এবং রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কেবলস লিমিটেডেও বিনিয়োগ করতে চায়।
৪৪ কোটি ৮০ লাখ ডলারের বিনিময়ে রূপালী ব্যাংকের ৯৩ দশমিক ২৬ শতাংশ শেয়ার কেনার বিষয়ে সৌদি যুবরাজ বন্দরের প্রস্তাবের বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিনিয়োগ বোর্ড। গত প্রায় এক বছর ধরে দুই পক্ষের মধ্যে বেশ কিছু বিষয়ে অচলাবস্থার কারণে ব্যাংকটির হস্তান্তর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
এ বিষয়ে চলতি সপ্তাহের শুরুতে যুবরাজ বন্দরের ঊর্ধ্বতন উপদেষ্টা স্যার ফ্র্যাঙ্ক পিটার্স বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারকে এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করতে হবে। আশা করছি খুব শিগগিরই আমরা একটি সমাধানে পৌঁছাতে পারব।"
ব্যাংকটি কেনার বিষয়ে সৌদি যুবরাজ ডিসেম্বর মাসেই 'গুরুত্বপূর্ণ ঘোষণা' দেবেন বলেও জানান স্যার ফ্র্যাঙ্ক পিটার্স।
অন্যদিকে, বুধবার অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রূপালী ব্যাংকের বিষয়ে আমরা শিগগিরই সিদ্ধান্ত নেব।"
প্রথম দফায় ৩৩ কোটি ডলারের বিনিময়ে রূপালী ব্যাংকের সরকারি মালিকানাধীন ৬৭ দশমিক ২৬ শতাংশ শেয়ার কেনার দরপত্র বিজয়ী সৌদি যুবরাজ চলতি বছরের ফেব্র"য়ারিতে ব্যাংকের আরও ২৬ শতাংশ শেয়ার ১২ কোটি ৮০ লাখ ডলারে কিনে নিতে রাজি হন। সরকার ২২ ফেব্র"য়ারি ওই ২৬ শতাংশ শেয়ার বিক্রির ঘোষণা দেয়। ব্যাংকের বাকি ৬ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে।
কিন্তু সমঝোতার ক্ষেত্রে নানা ধরনের জটিলতার কারণে হস্তান্তর প্রক্রিয়া পিছিয়ে যেতে যেতে এক পর্যায়ে অনিশ্চিত হয়ে পড়ে। এছাড়া যুবরাজ বন্দর হঠাৎ অসুস্থ হয়ে পরায়ও ব্যাংকের হস্তান্তর প্রক্রিয়া পিছিয়ে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এসএনডি/এসকে/২১৫৪ঘ.
bdnews24