খুলনা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে কৃষিঋণ বিতরণ করতে হবে। ঋণ বিতরণের কোন প্রকার গাফিলতি বা অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ডিসেম্বর ও আগামী জানুয়ারির মধ্যে ঋণ বিতরণ কার্যক্রম শেষ করার তাগিদ দিয়েছেন তিনি।
মঙ্গলবার দুুপুরে খুলনায় বাংলাদেশ ব্যাংক ভবনে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, "দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। সঠিকভাবে ঋণ বিতরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষিকে এগিয়ে নিতে না পারলে অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়বে। কৃষি, মৎস্য, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ বিতরণ করতে হবে।"
ঋণ বিতরণে যেন কোন অজুহাত বা ওজর আপত্তির অভিযোগ না আসে- এমনভাবে কাজ করার জন্য তিনি ব্যাংক কর্মকর্তাদের আহ্বান জানান।
গভর্নর বলেন, "দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে কৃষিখাতকে স্বয়ংসম্পূর্ণ করা ছাড়া অন্য কোন বিকল্প নেই। দূর্গত এলাকায় কে ঋণ খেলাপী বা খেলাপী নয় সেটা আপাতত: বিচার না করে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সহজে ঋণের ব্যবস্থা করতে হবে।"
তিনি জানান, ঘূর্ণিঝড় দূর্গত এলাকায় রাষ্টায়ত্ত ব্যাংকগুলো ১৩'শ কোটি টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৩০০ কোটি টাকা।
বেসরকারি ব্যাংকগুলো সারাদেশে কৃষিখাতে ১৩'শ কোটি টাকা ঋণ দেয়ার কথা থাকলেও সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও পর্যন্ত ঋণ বিতরণ না করায় গভর্নর অসন্তোষ প্রকাশ করেন।
ঢাকায় ফিরে এ ব্যাপারে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে তিনি জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের খুলনার মহাব্যবস্থাপক সরদার মো. শাহজাহান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪০ ঘ.
bdnews24