ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমার কারণে রোববারও শেয়ার বাজার দরপতনের মধ্যে দিয়ে শেষ করেছে।
দিনের শুরুতেই বড় ধরনের পতন হয় সূচকগুলোতে। দিনের মাঝামাঝিতে এ ধাক্কা কিছুটা সামলে উঠলেও শেষ ভাগে আবারও সূচকে পতন হয়।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৯২ দশমিক ৩৭ পয়েন্ট বা ৩ দশমিক ১০ শতাংশ কমে ২৮৭৮ দশমিক ৭৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৭৭ দশমিক ৪০ পয়েন্ট বা ৩ দশমিক ০৮ শতাংশ কমে হয়েছে ২৪৩৩ দশমিক ৯২ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৬৮ দশমিক ৯৫ পয়েন্ট বা ২ দশমিক ৯৫ শতাংশ কমে ২২৬৩ দশমিক ৫২ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩৫ কোটি টাকার ৮৪ লাখ ২৯ হাজার ৯৮০টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা ইউসিবিএল এর শেয়ারের দাম ৮ দশমিক ৩৫ শতাংশ কমে হয়েছে ৪৭১৬ টাকা ৭৫ পয়সা। ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত আটকে থাকা বার্ষিক সাধারণ সভাগুলো করার ব্যপারে আদালত ব্যাংক কর্তৃপক্ষকে ৩১ জানুয়ারি ২০০৮ পর্যন্ত সময় বাড়ানোয় প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমেছে।
ব্র্যাক ব্রাংকের শেয়ারের দাম ২ দশমিক ৫৯ শতাংশ কমে ১৫৩৮ টাকা ৫০ পয়সা হয়। ইসলামী ব্যাংক বন্ডের দাম ৯ দশমিক ২১ শতাংশ কমে ১৪৮৫ টাকা ২৫ পয়সা হয়েছে।
বিদ্যুৎ খাতে পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ৫৮ শতাংশ কমে ৬৮৩ টাকা ৭৫ পয়সায় পৌঁছায়। ওষুধ খাতে স্কয়ার ফর্মার শেয়ার ৩ দশমিক ০২ শতাংশ কমে হয়েছে ৩২১৯ টাকা ৫০ পয়সা।
এছাড়া ডিএসইতে উত্তরা ব্যাংক, বিওসি বাংলাদেশ, গ্রামীন১ মিউচুয়াল ফান্ড, ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দামও কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ২২ কোটি ২৫ লাখ ২৫ হাজার টাকার ১৯ লাখ ৯০ হাজার ৪৭৫টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৭টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/১৯৪২ ঘ.
bdnews24