ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিনটি চাঙাভাবে শুরু করলেও দিনের বাকি সময়ে ঢাকা শেয়ারবাজারে তেমন কোনো উত্থান-পতন হয় নি। বৃহস্পতিবার দিনশেষে শেয়ার বাজারে সূচকগুলোর সামান্য পতন ঘটে।
ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক এক দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ০৪ শতাংশ কমে ২৯৭০ দশমিক ৫৯ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৭ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ কমে হয়েছে ২৫১১ দশমিক ৩২ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ কমে ২৩৩২ দশমিক ৪৭ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪০ কোটি টাকার ৬৩ লাখ ৭১ হাজার ৪৭৪টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৮৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির দাম।
ইউসিবিএল এর শেয়ারের দাম ১১ দশমিক ৩৪ শতাংশ কমে হয়েছে ৫১৪৭ টাকা।
বিওসি বাংলাদেশ এর শেয়ারের দাম ২ দশমিক ৭৩ শতাংশ বেড়ে ৩০১ টাকা হয়।
লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম ২ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৪৮৬ টাকা ৭৫ পয়সা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতের সুপ্রিম কোর্ট মেঘালয় রাজ্যে লাইমস্টোন অনুসন্ধান করতে খনন কাজ অব্যাহত রাখার অনুমতি দিয়েছে তাদের।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৫৪ শতাংশ বেড়ে ১৫৭৯ টাকা ৫০ পয়সা হয়। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার দশমিক ৬৮ শতাংশ বেড়ে হয়েছে ৬৯৪ টাকা ৭৫ পয়সা।
এছাড়া, স্কয়ার ফার্মা ও ইসলামি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। তবে উত্তরা ব্যাংকের শেয়ারের দাম কমেছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ২৪ কোটি ৬২ লাখ ৮১ হাজার টাকার ১৪ লাখ ৪৮ হাজার ১৭৬টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৭টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএম/টিএইচ/জিএনএ/১৬৩৯ ঘ.
bdnews24