২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করদাতাদের হয়রানি কমাতে ''সিটিজেন চার্টার'' প্রকাশ করছে এনবিআর

করদাতাদের হয়রানি কমাতে আগামী দুই সপ্তাহের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ''সিটিজেন চার্টার'' প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 03:12 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-করদাতাদের হয়রানি কমাতে আগামী দুই সপ্তাহের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ''সিটিজেন চার্টার'' প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। বুধবার বিকেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) আয়োজনে সংগঠনটির মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ''আমরা বিনিয়োগ ও ব্যবসা সহায়ক করবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। আর এ লক্ষ্যকে সামনে রেখেই ''সিটিজেন চার্টার'' প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।" মোহাম্মদ আবদুল মজিদ জানান,''সিটিজেন চার্টারে'' কর বিষয়ক সব আইন-কানুন সহজভাবে তুলে ধরা হবে। কোন ডেস্কের কি কাজ, কোথায় অভিযোগ করতে হবে-কর সংক্রান্ত এ ধরনের বিস্তারিত বিবরণ চার্টারে থাকবে।'' করদাতাদের অধিকতর সেবাদান নিশ্চিত করতেই এটি প্রকাশ করা হবে বলে আবদুল মজিদ জানান। সভায় এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন ঘুর্ণিঝড়ের কারণে ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রির্টার্ন দাখিলের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর দাবি জানালে এনবিআর চেয়ারম্যান তা নাকচ করে দিয়ে বলেন, "কোনো অবস্থাতেই আর রিটার্ন জমা দেয়ার মেয়াদ বাড়ানো হবে না। তবে ঘুর্ণিঝড় এলাকার ক্ষতিগ্রস্ত করদাতারা সংশ্লিষ্ট অঞ্চলের কর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের পরেও জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে পারবেন। এর আগে দুই দফা মেয়াদ বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ৩০ নভেম্বর সাপ্তাহিক ছুটির (শুক্রবার) কারণে রোববার রাত ৮টা পর্যন্ত রির্টার্ন জমা নেয়া হবে। এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, বাংলাদেশ বস্ত্র শিল্প সমিতির (বিটিএমএ) সাবেক সভাপতি এম এ আউয়াল, এফবিসিসিআই পরিচালক এম এ রউফ চৌধুরী, আবদুর রাজ্জাক, দেলোয়ার হোসেন, এনায়েত হোসেন চৌধুরী, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এম ইউনুছ প্রমুখ। সভায় মীর নাসির হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, চলতি ২০০৭-০৮ অর্থবছরের বাজেটে কাঁচামালের শুল্ক হার শুন্য ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করায় দেশে উৎপাদিত শিল্প পণ্য আমদানি করা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারছে না। স্থানীয় শিল্পের স্বার্থ সংরক্ষণের জন্য তিনি কাঁচামালের শুল্ক হার আগের পর্যায়ে নামিয়ে আনাসহ আয়কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত বেশ কিছু দাবি উত্থাপন করেন। একইসঙ্গে তিনি বেনাপোলসহ সব স্থল বন্দরে সাপ্তাহিক ছুটি এক দিন করতে এনবিআর চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। এ প্রসঙ্গে আবদুল মজিদ প্রধান উপদেষ্টার নেতৃত্বে 'বেটার বিজনেস ফোরাম' গঠন এবং রেগুলেটরি রিফর্মস কমিশনের কাজ শুরু করার কথা উল্লেখ করে বলেন এই দুই ফোরামে আলাপ-আলোচনার মাধ্যমে ব্যবসায়ী নেতাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার উদ্যোগ নেয়া হবে। স্থল বন্দরগুলোতে সাপ্তাহিক ছুটি একদিন করার ব্যাপারেও তিনি ইতিবাচক উদ্যোগ নেবেন বলে জানান এনবিআর চেয়ারম্যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১০৭ঘ.