২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা ও যমুনার শেয়ার ডিসেম্বরের মাঝামাঝিতে ছাড়া হবে: অর্থ উপদেষ্টা

সরকারি মালিকানাধীন মেঘনা ও যমুনা তেল কোম্পানির শেয়ার ডিসেম্বরের মাঝামাঝিতে ছাড়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। বুধবার অর্থ মন্ত্রণালয়ে জ্বালানি ও বিদ্যুত খাতের শেয়ার ছাড়ার বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 01:02 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকারি মালিকানাধীন মেঘনা ও যমুনা তেল কোম্পানির শেয়ার ডিসেম্বরের মাঝামাঝিতে ছাড়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। বুধবার অর্থ মন্ত্রণালয়ে জ্বালানি ও বিদ্যুত খাতের শেয়ার ছাড়ার বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। তিনি বলেন," পুঁজি বাজারে সরকারি প্রতিষ্ঠানগুলোর শেয়ার ছাড়া হলে বাজারের পরিপক্কতা বাড়বে।" রাষ্ট্রায়ত্ত মেঘনা অয়েল কোম্পানি লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড জ্বালানি তেল আমদানি এবং স্থানীয় বাজারে তা সরবরাহ ও বিক্রি করে থাকে। অপর সরকারি তেল কোম্পানি পদ্মা'র শেয়ার আগেই শেয়ার বাজারে ছাড়া হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মেঘনা ও যমুনার শেয়ার আলাদা কোম্পানি হিসেবে না ছেড়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট করপোরেশনের মাধ্যমে ছাড়া হতে পারে। বৈঠকে আইএফআইসি ব্যাংকের সরকারি মালিকানাধীন ৩৫ শতাংশ শেয়ার আগামী মাসের মধ্যে বাজারে ছাড়ার বিষয়ে অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির আরও ১৫ শতাংশ শেয়ার ছাড়ার বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয় বৈঠকে। বর্তমানে পুঁজিবাজারে প্রতিষ্ঠান দুটোর ২৫ শতাংশ শেয়ার রয়েছে। আগামী মার্চের মধ্যে কিছু গ্যাস প্রতিষ্ঠানের শেয়ারও বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপদেষ্টা জানান, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ার বাজারে ছাড়ার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ার ছাড়ার বিষয়টি কয়েক বছর ধরে ঝুলে আছে। যদিও তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান ২০০৬ এর ৩১ অক্টোবরের মধ্যে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছিলেন। অর্থ মন্ত্রণালয় এ বছরের ৩০ জানুয়ারিতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল এপ্রিলের মধ্যে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ার বাজারে ছাড়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এমএ/১৮৫৮ঘ.