ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরকার জ্বালানি তেলের দাম আপাতত বাড়াবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে 'আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, "আন্তর্জাতিক বাজারে যেভাবে তেলের দাম বাড়ছে সে বিবেচনায় স্থানীয় বাজারে অবশ্যই তেলের দাম সমন্বয় করা উচিৎ। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে এই মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানো ঠিক হবে না। এছাড়া, তেল খাতে কৃষকদের কীভাবে আরও বেশি ভর্তুকি দেওয়া যায় সে বিষয়টি বিবেচনা করছে সরকার।"
মিডিয়া ফাউন্ডেশন ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (এমএফটিডি) ও গ্লোবাল-বাংলা ফাউন্ডেশন যৌথভাবে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।
আজিজুল ইসলাম বলেন, "আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে বাড়তে থাকায় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। বেশি দামে তেল কিনে কম দামে বিক্রি করায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান দিন দিন বাড়ছে। এ কারণে জ্বালানি তেলের বিকল্প হিসেবে কয়লাসহ অন্যান্য শক্তি উদ্ভাবনের মাধ্যমে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে হবে।"
এ প্রসঙ্গে তিনি লাওস, থাইল্যাল্ড, ভূটান, নেপাল, চীন ও ভারতের উদাহরণ দিয়ে বলেন, "জলবিদ্যুতের মাধ্যমে এসব দেশ অভ্যন্তরীণ চাহিদা মেটাচ্ছে। আমাদেরও সে পথে অগ্রসর হতে হবে।"
অন্যতম বক্তা এডিবির আবাসিক প্রতিনিধি হুয়া দু বলেন, "আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেল এখন একশ ডলারের বেশি দামে বিক্রি হচ্ছে। অথচ ২০০৬ সালে গড় মূল্য ছিল ৫০ ডলার। এ অবস্থায় জ্বালানি তেলের দাম না বাড়ালে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের সঙ্কটের মুখে পড়বে।"
তবে গরিব মানুষের জন্য জ্বালানি খাতে সরকারি ভর্তুকি আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির বিকল্প জ্বালানির জন্য এখনই একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
এমএফটিডি'র সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান, ফরেন চেম্বারের সাবেক সভাপতি ওয়ালিউর রহমান, উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ, সাবেক বাণিজ্য সচিব সোহেল আহমেদ, অধ্যাপক নুরুল ইসলাম, মাহবুবউল্ল্যাহ, ড. সাজ্জাদ জহির, সাংবাদিক সাদেক খান প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এসকে/২০৫৭ঘ.
bdnews24