২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার মাধ্যমে শুল্ক মুক্ত বাণিজ্যে ইরানের প্রস্তাব

মধ্য এশিয়ার দেশগুলোতে বাংলাদেশী পণ্য রপ্তানির সুবিধার্থে ইরানের খোরাসান প্রদেশের বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার মাধ্যমে শুল্কমুক্তভাবে বাণিজ্যের প্রস্তাব দিয়েছেন সফররত ইরানের বাণিজ্য প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 12:02 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মধ্য এশিয়ার দেশগুলোতে বাংলাদেশী পণ্য রপ্তানির সুবিধার্থে ইরানের খোরাসান প্রদেশের বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার মাধ্যমে শুল্কমুক্তভাবে বাণিজ্যের প্রস্তাব দিয়েছেন সফররত ইরানের বাণিজ্য প্রতিনিধি দল। মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, ইরানের বাণিজ্য ও খনি বিষয়ক চেম্বারের খোরাফান শাখার প্রেসিডেন্ট গোলাম হোসেন সাফেঈ'র নেতৃত্বে বাংলাদেশ সফররত ইরানের বাণিজ্য প্রতিনিধি দল মঙ্গলবার শিল্প উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্য আমদানির জন্য ইরানের বাণিজ্য প্রতিনিধিদলকে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে সারের চাহিদা পূরণে শিল্প উপদেষ্টা ইরানের সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের শিল্পখাতে দক্ষ জনবল তৈরির জন্য বাংলাদেশী শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দেন ইরানি প্রতিনিধিদলের সদস্যরা। এছাড়া কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, ভারী ও হালকা যানবাহন শিল্পে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তারা। শিল্প উপদেষ্টা প্রতিনিধিদলের দেওয়া প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। বৈঠকে বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত হাসান ফারাজান্দেহ উপস্থিত ছিলেন। তিনি উভয় দেশের সম্পর্ক জোরদার করতে তথ্য বিনিময় এবং বাণিজ্য প্রতিনিধি দলের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএআর/এমএ/১৭৫৫ঘ.