ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনৈতিক খাত গতিশীল করতে 'বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ)' গঠন করেছে সরকার। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকে প্রধান করে গঠিত এ ফোরামে ৩৮ জন সরকারি ও বেসরকারি প্রতিনিধি রয়েছেন।
সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বিবিবিএফ গঠনের প্রয়োজনীয়তা বর্ণনা করে বলা হয়, "আন্তর্জাতিক ও দেশীয় অর্থনৈতিক এবং বাণিজ্য পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে, বিশেষ করে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিস্থিতি বজায় রাখার স্বার্থে সরকারের সঙ্গে বেসরকারি খাতের মাঝে অনুকুল ও সহায়ক সম্পর্ক থাকা আবশ্যক।" (আরও তথ্যসহ)
এতে আরও বলা হয়, "সরকার এবং বেসরকারি বিনিয়োগকারী ব্যবসায়ী প্রতিনিধিদের মাঝে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সম্পর্ক থাকা একান্ত প্রয়োজন। এ লক্ষ্যে সরকার ও বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে একটি ফোরাম গঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে।"
বিবিবিএফ বিনিয়োগ ও ব্যবসা সম্পর্কিত বিষয়ে সরকারের সঙ্গে বেসরকারি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে ফলপ্রসু আলোচনার পরিবেশ সৃষ্টিতে কাজ করবে। এছাড়া, বিনিয়োগ পরিস্থিতি উন্নত করতে দেশে বিনিয়োগের বাধা, সীমাবদ্ধতা ও সমস্যাও চিহ্নিত করবে বিবিবিএফ।
প্রজ্ঞাপনে বলা হয়, এ ফোরাম বিনিয়োগ ও ব্যবসার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করার পাশাপাশি তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহায়তাও দেবে।
বিবিবিএফ এর নির্বাহী চেয়ারম্যান হয়েছেন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম। বিনিয়োগ বোর্ডের নির্বাহী প্রধান ফোরামের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
এছাড়া, সরকারের পাঁচ জন উপদেষ্টা ফোরামের সদস্য থাকবেন। এরা হলেন- শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তপন চৌধুরী ও আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
এছাড়া, সেনাবাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুজন অধ্যাপকও বিবিবিএফ এর সদস্য থাকবেন।
বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম গঠনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এফবিসিসিআই সভাপতি ও বিবিবিএফ এর সদস্য মীর নাসির হোসেন সোমবার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। সরকার প্রধানের নেতৃত্বে ফোরামটি হয়েছে বলে ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো এখন সহজে নিরসন হবে বলে আমি আশা করছি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২০২০ ঘ.
bdnews24