২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় পরিশোধিত চিনি ক্ষতিকর কিনা পরীক্ষা করতে হবে

ভারত থেকে আমদানি করা পরিশোধিত চিনি ক্ষতিকর কিনা খালাসের আগে তার পরীক্ষা-নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তবে অপরিশোধিত চিনি (র সুগার) আমদানির ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন হবে না। এ সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে বলা হয়, পরিশোধিত চিনি (রিফাইন্ড সুগার) খালাসের আগে হাইড্রোজ ও হাইড্রোজেন পার অক্সাইড এর উপস্থিতি পরীক্ষা করতে হবে। তবে অপরিশোধিত চিনির ক্ষেত্রে এ পরীক্ষার প্রয়োজন হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 05:47 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে আমদানি করা পরিশোধিত চিনি ক্ষতিকর কিনা খালাসের আগে তার পরীক্ষা-নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তবে অপরিশোধিত চিনি (র সুগার) আমদানির ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন হবে না। এ সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে বলা হয়, পরিশোধিত চিনি (রিফাইন্ড সুগার) খালাসের আগে হাইড্রোজ ও হাইড্রোজেন পার অক্সাইড এর উপস্থিতি পরীক্ষা করতে হবে। তবে অপরিশোধিত চিনির ক্ষেত্রে এ পরীক্ষার প্রয়োজন হবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদেশে বলা হয়। 'ভারত থেকে আমদানিকৃত চিনির চালান পরীক্ষাপূর্বক ক্ষতিকর নয় মর্মে নিশ্চিত হয়ে ছাড়করণ'' শীর্ষক আদেশটি জারি করা হয় ১৯ নভেম্বর। ইতিমধ্যে এ আদেশ ঢাকা, চট্রগ্রাম, বেনাপোল ও মংলা কাস্টমস হাউসের কমিশনার অফ কাস্টমস এবং ঢাকা (দক্ষিণ), রাজশাহী ও সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে এনবিআর এর সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতোদিন ভারত থেকে আমদানি করা পরিশোধিত ও অপরিশোধিত উভয় ধরনের চিনির ক্ষেত্রেই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতো না। কিন্তু এখন থেকে পরিশোধিত চিনি পরীক্ষার পর ক্ষতিকর নয় প্রমাণিত হলেই খালাসের অনুমতি দেওয়া হবে।" তিনি আরও জানান, সাধারণত ভারত থেকে পরিশোধিত চিনিই বেশি আমদানি হয়। অপরিশোধিত চিনি ভারত থেকে আনা হয় খুবই কম। এছাড়া অপরিশোধিত চিনি আমদানির পর তা প্রক্রিয়াজাত করে প্যাকেট করার আগে বাংলাদেশ ষ্ট্যান্ডার্ড অ্যান্ড টেষ্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) পরীক্ষা করে থাকে। তারপরই ওই চিনি বাজারজাত করা হয়। এ কারণে অপরিশোধিত চিনি খালাসের আগে পরীক্ষা প্রয়োজন হয় না বলে ওই কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/এমএইচবি/২৩২৯ ঘ.