২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য আমদানি বাড়াতে ক্ষুদ্র আমদানিকারকদের ব্যাংক সহায়তার আহ্বান

ভোগ্যপণ্যের আমদানি কমে যাওয়ায় ক্ষুদ্র আমদানিকারকদের নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে উৎসাহিত করার উদ্যোগ নেয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 01:20 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভোগ্যপণ্যের আমদানি কমে যাওয়ায় ক্ষুদ্র আমদানিকারকদের নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে উৎসাহিত করার উদ্যোগ নেয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক এস কে সুর চৌধুরী চট্টগ্রামে ব্যাংক মিলনায়তনে নগরীর ক্ষুদ্র আমদানিকারক, উদ্যোক্তা, ব্যবসায়ী, বিভিন্ন মালিক সমিতির প্রতিনিধি ও বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, "বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহৎ আমদানিকারকদের পাশাপাশি ক্ষুদ্র আমদানিকারকরা এগিয়ে এলে সঙ্কট কেটে যাবে। এতে কেউ যেমন একচেটিয়া ব্যবসা করতে পারবে না, তেমনি কেনো গোষ্ঠী চাইলেও সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না। বাজারে প্রতিযোগিতার সৃষ্টি হলে ভোক্তারা এর সুফল ভোগ করবে।" এজন্য তিনি বাণিজ্যিক ব্যাংকগুলোকে ক্ষুদ্র আমদানিকারকদের ব্যাংকিং সুবিধা বাড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ ব্যাংক ঢাকাসহ দেশের আটটি শাখায় ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ ধরনের মতবিনিমিয় সভার আয়োজন করে। চট্টগ্রামের সভার মাধ্যমে এ মতবিনিময় কার্যক্রম শেষ হলো। এ সব সভার সুপারিশ ও পরামর্শসমূহ কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর ও সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হবে। সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি সুদের হার কমানো, ঋণপত্র (এলসি) ও মার্জিন সুবিধা দেয়ার বিষয়গুলো বিবেচনা করার কথা বলেন এস কে সুর। এক্ষেত্রে ব্যাংকিং খাতসহ আমদানি সংশ্লিষ্ট সকল বিভাগে বিরাজমান সব ধরনের জটিলতা যতটা সম্ভব কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সভায় চট্টগ্রাম অঞ্চল দিয়ে আমদানির একটি পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত চাল, গম, অশোধিত ভোজ্য তেল, পিঁয়াজ ও ছোলার আমদানির পরিমান ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। ব্যাংকার ও আমদানিকারকরা আমদানি কমে যাওয়ার মূল কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধিকেই দায়ী করেন। সভায় ক্ষুদ্র আমদানিকারকারা তাদের ব্যাংকিং, আমদানি ও শুল্ক বিভাগের জটিলতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তারা বলেন, ব্যাংকগুলো ক্ষুদ্র আমদানিকারকদের সহজ শর্তে ঋণ দিলে অনেকেই এগিয়ে আসবে। অনেক ছোট ছোট অলস পুঁজির গতির সঞ্চার হবে। এতে সিন্ডিকেটসহ বড় আমদানিকারকদের একচেটিয়া অবস্থার অবসান হবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা শাখার পরিচালক মোস্তাফিজুর রহমান সরদার, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আজিজুর রহমান ও যৌথ বাহিনীর প্রতিনিধি মেজর শাহ আলম খোন্দকারসহ ব্যবসায়ী ও ব্যাংকাররা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমআই/১৯১৩ ঘ.