২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের পণ্যমেলা শুরু

চট্টগ্রাম উইমেন চেম্বারের আয়োজনে মাসব্যাপী নারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পণ্যমেলা শুরু হয়েছে। মঙ্গলবার নগরীর কদমতলীতে রেলওয়ে মাঠে মেলা উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 11:18 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম উইমেন চেম্বারের আয়োজনে মাসব্যাপী নারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পণ্যমেলা শুরু হয়েছে। মঙ্গলবার নগরীর কদমতলীতে রেলওয়ে মাঠে মেলা উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, "নারীদের বাদ দিয়ে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন চিন্তা করা যায় না। এজন্য নারীদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে।" ব্যবসা-বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এখনো আশানুরূপ নয় উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, 'জাতীয় অর্থনীতির উন্নয়নের স্বার্থে এ ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।" গীতিআরা বলেন, মুক্তবাজার অর্থনীতির ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যসহ সকল ক্ষেত্রে বাজার দখলের তীব্র প্রতিযোগিতা চলছে। এ ক্ষেত্রে নিজেদের উৎপাদিত পণ্য টিকিয়ে রাখতে এর মান ঠিক রাখার ক্ষেত্রে সচেষ্ট হতে হবে। শিল্পায়নে নারীদের ঋণসহ সব ধরনের সুবিধা দেয়ার জন্য ব্যাংক, অর্থঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান উপদেষ্টা। চট্টগ্রাম ওমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, চট্টগ্রাম জেলা প্রশাসক আশরাফ শামীম, ডিজিএফআই চট্টগ্রামের প্রধান কর্ণেল মাসুদ হোসাইন, বিজিএমইএ এর প্রথম সহ সভাপতি এম এ সালাম, শিপার্স কাউন্সিলের সভাপতি মাহবুব আলী। মাসব্যাপী এ মেলায় দেশ-বিদেশের মোট ৫০০টি স্টল রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরএ/এমআই/১৭০৯ ঘ.