ঢাকা, ১৯ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য দ্রুত খালাস করতে সার্ক দেশগুলোর শুল্ক কেন্দ্র একই ছাদের নিচে স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সার্ক শুল্ক সহযোগিতা গ্র"প।
''মডেল প্রজেক্ট'' হিসেবে প্রথম পর্যায়ে বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থল বন্দরের শুল্ক কেন্দ্র এক ভবনে করার সিদ্ধান্ত হয়েছে। এরপর পর্যায়ক্রমে সার্কভুক্ত অন্য দেশগুলোর শুল্ক কেন্দ্রও একই ভবনে করা হবে।
সার্ক শুল্ক সহযোগিতা গ্র"পের (গ্র"প অন কাষ্টমস কো-অপারেশন) ৫ম বৈঠক শেষে দেশে ফিরে সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (শুল্ক) ড. রশিদ উল আহসান চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও কয়েকটি দৈনিকের সাংবাদিককে এ তথ্য জানান।
নেপালের কাঠমান্ডুতে ১৫ থেকে ১৬ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রশিদ উল আহসান বলেন, "আগামী বছর জানুয়ারির মধ্যে বেনাপোল-পেট্রাপোল স্থল বন্দর একই ভবনে নিয়ে আসার প্রকল্প পরিকল্পনা ও অর্থ যোগানের বিষয়ে সার্ক সচিবালয়কে বিস্তারিতভাবে জানানো হবে।"
কবে নাগাদ এ প্রকল্পের কাজ শুরু হবে সার্ক সচিবালয় সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানিয়েছেন।
রাজস্ব বোর্ডের এ কর্মকর্তা জানান, একই ছাদের নিচে দুটি দেশের শুল্ক কেন্দ্র স্থাপন করা হলে সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তারা এক টেবিলে বসে কাজ করতে পারবেন। এর ফলে আমদানি-রপ্তানি পণ্য দ্রুত খালাস হবে। অর্থনৈতিক দিক দিয়ে দু দেশই লাভবান হবে।
এছাড়া পণ্য খালাসের ব্যাপারে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তা সমাধান করা সম্ভব হবে বলে তিনি জানান।
রশিদ উল আহসান বলেন, "সার্ক শুল্ক সহযোগিতা গ্র"পের ষষ্ঠ বৈঠক ২০০৮ সালের নভেম্বরে ঢাকায় করার সিদ্ধান্ত হয়েছে কাঠমান্ডু বৈঠকে।"
সার্ক শুল্ক সহযোগিতা গ্র"পের চতুর্থ বৈঠক হয়েছিল ২০০৪ সালের আগষ্টে ভারতের ফরিদাবাদে।
রাজস্ব বোর্ডের সদস্য রশিদ উল আহসান আরও জানান, এবারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক বছরের জন্য বাংলাদেশ সার্ক শুল্ক সহযোগিতা গ্র"পের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে এনবিআরের শুল্ক বিভাগের সদস্য এ দায়িত্ব পালন করবেন।
এছাড়া বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর শুল্ক আইন সহজ করা, একই সময়সূচি মেনে বন্দর খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। সার্কের স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) শুল্ক বিষয়ে ভারতের প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও কাঠমান্ডু বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় বলে রশিদ উল আহসান চৌধুরী জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/ এমএ/১৯৪০ ঘ.
bdnews24