২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারে চড়ে চাঙ্গা শেয়ার বাজার

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় বুধবার শেয়ার বাজারে লেনদেন চাঙ্গা ছিল। পাওয়ার গ্রিড কোম্পানি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘাষণা করায় প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৫ দশমিক ০৬ শতাংশ বেড়ে রেকর্ড ৭২৫ টাকা ৫০ পয়সায় পৌঁছায়। গত বছর শেয়ার ছাড়ার পর থেকে এটাই তাদের শেয়ারের সর্বোচ্চ দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2007, 05:18 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় বুধবার শেয়ার বাজারে লেনদেন চাঙ্গা ছিল। পাওয়ার গ্রিড কোম্পানি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘাষণা করায় প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৫ দশমিক ০৬ শতাংশ বেড়ে রেকর্ড ৭২৫ টাকা ৫০ পয়সায় পৌঁছায়। গত বছর শেয়ার ছাড়ার পর থেকে এটাই তাদের শেয়ারের সর্বোচ্চ দাম। আর্থিক প্রতিষ্ঠান ইক্যুইটি পার্টনার্স লিমিটেড এর বাজার বিশ্লেষক মনিরা খান বলেন, "এই ঘোষণা বিনিয়োগোকারীদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। তারা ভেবেছিল প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি ১৫ টাকা লভ্যাংশ ঘোষণা করতে পারে। আগের বছর পাওয়ার গ্রিড কোম্পানি শেয়ার প্রতি ১০ টাকা লভ্যাংশ দিয়েছে।" দিনের শুরুতে শেয়ার কেনার ঝোঁক থাকায় বাজারে সূচক বাড়তে থাকে। মাঝ বেলাতেই ডিজিইএন সূচক ২৯৯০ পয়েন্ট অতিক্রম করে। তবে দিনের শেষভাগে লেনদেনের গতি কিছুটা কমে যায়। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৪ দশমিক ৬৬ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ বেড়ে ২৯৮৫ দশমিক ১৮ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৩ দশমিক ৫৩ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ বেড়ে হয়েছে ২৫২৭ দশমিক ৩৫ পয়েন্ট। তবে ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৬ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ কমে ২৩১৫ দশমিক ৪৭ পয়েন্ট হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬৯ কোটি টাকার এক কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৩৪৪টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৯০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম। সামিট পাওয়ারের শেয়ারের দাম দশমিক ৭২ শতাংশ বেড়ে ১৫৫৬ টাকা ৭৫ পয়সা হয়। ইউসিবিএল এর শেয়ারের দাম ১২ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ৫৩৮৮ টাকা ৭৫ পয়সা হয়েছে। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৮০ শতাংশ কমে হয়েছে ১৬০৩ টাকা ৭৫ পয়সা। মুনাফা তুলে নেওয়ায় ইস্টার্ন ব্যাংকের শেয়ার এক দশমিক ২৩ শতাংশ বেড়ে ১১৪৪ টাকা ৭৫ পয়সা হয়। এছাড়া এবি ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ারের দাম কমেছে। ওষুধ খাতে স্কয়ার ফার্মার শেয়ার নেমে গেলেও বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম বেড়েছে। সিএসই-৩০ সূচক ছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাকি শেয়ার সূচকগুলো বুধবার ঊর্ধ্বমুখী ছিল। এ বাজারে ৪২ কোটি ৩৭ লাখ টাকার ৩১ লাখ ৪৮ হাজার ৩৬৬টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৬০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫৩টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২৩১০ ঘ.