২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাহিদা কমার পাশাপাশি উৎপাদন খরচ বাড়ায় বিপাকে সিমেন্ট ব্যবসায়ীরা

১১ জানুয়ারির পর থেকে আবাসন খাতে কাজের পরিমাণ কমে আসার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে দেশের সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 02:51 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ১১ জানুয়ারির পর থেকে আবাসন খাতে কাজের পরিমাণ কমে আসার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে দেশের সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। হোলসিম বাংলাদেশ লিমিটেড এর উপ মহাব্যবস্থাপক শঙ্কর কুমার রায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের ভেতরে সিমেন্টের চাহিদা খুবই কমে গেছে। সরকারি ও বেসরকারি খাতে নির্মাণ কাজ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।" উৎপাদনকারীরা বলছেন, গত ১১ জানুয়ারির পর দুর্নীতি বিরোধী অভিযানের কারণে আবাসন ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় নির্মাণ ব্যবসা প্রায় থমকে যায়। রিয়াল এস্টেট ও হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর হিসাব অনুযায়ী, এই সময়ে ফ্ল্যাট বিক্রির সংখ্যা প্রায় অর্ধেক কমে গেছে। শঙ্কর বলেন, বিশ্ব বাজারে সিমেন্ট ক্লিংকারের দাম ক্রমাগতভাবে বাড়ছে। চাহিদা না থাকায় এবং অতিরিক্ত উৎপাদন খরচের কারণে স্থানীয় প্রতিষ্ঠানগুলো তাদের ক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। ভারত ও চীনে নির্মাণ কাজ বাড়ার বিষয়টিও ক্লিংকার এর দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানান তিনি। উদ্যোক্তারা জানান, সিমেন্টের প্রধান কাঁচামাল ক্লিংকারের দাম গত ১০ মাসে প্রতি টনে ১০ ডলার বেড়েছে। গত জানুয়ারিতে প্রতি টন ক্লিংকার ৫৪ থেকে ৫৭ ডলারে কেনা গেলেও চলতি মাসে (নভেম্বরে) ৬৪ থেকে ৬৭ ডলারে কিনতে হচ্ছে। তাছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় জাহাজ ভাড়া বেড়েছে। এ কারণে সিমেন্ট তৈরির কাঁচামাল জিপসামেরও দাম বেড়েছে। এসব কারণে সিমেন্টের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে বলে উদ্যোক্তারা জানান। বাজার ঘুরে দেখা গেছে প্রতি ব্যাগ ভালো সিমেন্ট ৩৩০ থেকে ৩৬৫ টাকায় বিক্রি হচ্ছে। দীর্ঘমেয়াদি প্রকল্পগুলোর ক্ষেত্রে কাঁচামাল রপ্তানিকারকদের সঙ্গে চুক্তি থাকায় হোলসিম এখনো বড় ধরনের ক্ষতির মুখে পড়েনি বলে জানিয়েছেন শঙ্কর। তবে ছোট কারাখানাগুলোর অবস্থা স্বস্তিকর নয়। বাংলাদেশ সিমেন্ট উৎপাদক সমিতির সভাপতি ও মেঘনা গ্র"প অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, "আমাদের অবস্থা বেশ নাজুক। একদিকে কাঁচামালের দাম বাড়ছে, অন্যদিকে স্থানীয় বাজারে সিমেন্টের চাহিদা কমছে।" চাহিদা কমে যাওয়ায় তার প্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হচ্ছে বলে জানান তিনি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন উদ্যোক্তা বলেন, "আমাদের বিক্রি অনেক কমে গেছে। জানুয়ারিতে যেখানে ৮০০ টন বিক্রি করেছি এখন তা কমে ৪০০ টনে নেমে এসেছে।" তিনি আরো বলেন, "প্রায় সব কারখানার অবস্থাই মোটামুটি এক। কিন্তু আমাদের অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমএআর/জেকে/এমএ/২০৪০ ঘ.