ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কোনো পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে কোনো ব্যাংকের পাঁচ শতাংশের বেশি শেয়ারের মালিক হলে ওই পরিবারের দুই সদস্য ব্যাংকটির পরিচালক হতে পারবেন। আর পাঁচ শতাংশের কম শেয়ারের মালিকানার ক্ষেত্রে পরিচালক হতে পারবেন একজন। ব্যাংক কোম্পানির সংশোধিত আইনের এই বিধান জানিয়ে দুটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার সার্কুলার দুটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন সংশোধনের পর গত ১১ অক্টোবর রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির মাধ্যমে সংধোধিত আইনটি কার্যকর করেন। চলতি বছরের ৮ অক্টোবর থেকেই ওই আদেশ কার্যকর হয়।
সংশোধিত আইনে ব্যাংকের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি টাকা করা হয়। এছাড়া আমানতকারীদের মধ্য থেকে নিযুক্ত পরিচালক ছাড়া কোনো ব্যাংকে ১৩ জনের বেশি পরিচালক থাকতে পারবে না। এছাড়া ঋণ খেলাপি কোনো ব্যক্তি কোনো ব্যাংকের পরিচালক হতে পারবে না।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সাধারণ আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্যই সরকার ব্যাংক কোম্পানি আইন সংশোধন করেছে। রাষ্ট্রপতি ইতোমধ্যে ব্যাংক কোম্পানি আইন (সংশোধিত) অধ্যাদেশ ২০০৭ জারি করেছেন। ব্যাংকগুলোর কাছে বিষয়টি পরিষ্কার করতেই সোমবার সার্কুলার দুটি জারি করা হয়েছে।''
ওই কর্মকর্তা জানান, দুটি সার্কুলারের একটিতে ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন বাড়ানোর বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। অন্যটিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন, পর্যদের মেয়াদ ও পরিচালকদের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে।
প্রথম সার্কুলারে বলা হয়েছে, যে সব ব্যাংকের মূলধন এখনও ২০০ কোটি টাকার কম রয়েছে, আগামী দুই বছরের মধ্যে তাদের মূলধনের ঘাটতি মেটাতে হবে। সার্কুলারে প্রথম বছরের মধ্যে ঘাটতি মূলধনের ৫০ শতাংশ এবং পরবর্তী বছরের মধ্যে বাকি ৫০ শতাংশ পূরণ করতে বলা হয়েছে।
পরিচালনা পর্ষদ গঠন প্রসঙ্গে সার্কুলারে বলা হয়েছে, কোনো ব্যাংকে কোনো পরিচালকের পদ শূন্য করার প্রয়োজন হলে কে পরিচালক পদ ছাড়বেন তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে। আর সমঝোতা সম্ভব না হলে পরিচালনা পর্ষদের সভায় লটারির মাধ্যমে তা নির্ধারণ করতে হবে।
সংশোধিত আইন অনুযায়ী, ব্যাংকের পরিচালনা পর্ষদের মেয়াদ হবে তিন বছর। তবে কেউ পর পর দুই মেয়াদের বেশি পরিচালক পদে থাকতে পারবেন না। তবে মাঝখানে একটি মেয়াদ বিরতি দিয়ে আবার পরিচালক হওয়া যাবে। যদি কেউ পর পর দুই মেয়াদের বেশি পরিচালক পদে থেকে থাকেন, তাহলে নতুন আইন কার্যকর হওয়ার পর এক বছরের মাথায় তার পরিচালক পদ শূন্য বলে গণ্য করা হবে।
পরিচালক হওয়ার যোগ্যতা সম্পর্কে সার্কুলারে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো ব্যাংকের পরিচালক হতে চান তাহলে তাকে কমপক্ষে দশ বছরের ব্যবস্থাপনা/ব্যবসায়িক বা পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। ফৌজদারী অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যাক্তি পরিচালক হতে পারবেন না। এছাড়া নিজের অথবা স্বার্থসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খেলাপি হলে ওই ব্যাক্তি কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/০০৩২ ঘ.
bdnews24