২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি স্থবির করে এমন কাজ করব না: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেছেন, এখন থেকে আর ঢালাওভাবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া বা জব্দ (ফ্রিজ) করা হবে না। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির করে দেয় এমন কোনো কাজ এনবিআর করবে না। তবে কারো বিরুদ্ধে কর ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হবে। সোমবার দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সোমবার দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, ''ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি এনবিআরও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 01:36 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেছেন, এখন থেকে আর ঢালাওভাবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া বা জব্দ (ফ্রিজ) করা হবে না। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির করে দেয় এমন কোনো কাজ এনবিআর করবে না। তবে কারো বিরুদ্ধে কর ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হবে। সোমবার দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, ''ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি এনবিআরও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে এখন থেকে আর আগের মতো ঢালাওভাবে ব্যাংক হিসাবের তথ্য তলব বা জব্দ করা হবে না। তবে কারো বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ পাওয়া গেলে আয়কর অধ্যাদেশ অনুযায়ী মামলা করা হবে।'' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ''এ পর্যন্ত যেসব ব্যাংক হিসাব তলব বা জব্দ করা হয়েছে সেগুলো নিয়ম মেনেই করা হয়েছে। কারো ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। তাছাড়া এটা নতুন কোনো ঘটনা নয়। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে ঢালাওভাবে আর ব্যাংক হিসাব তলব বা জব্দ করা হবে না। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির করে দেয়- এমন কোনো কাজ এনবিআর করবে না।'' এনবিআর এ পর্যন্ত ৩৯ জন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। আর কোনো ভিআইপির বিরুদ্ধে মামলা করা হবে কি না জানতে চাইলে আবদুল মজিদ বলেন, "যারা কর ফাঁকি দেয় তাদের বিরুদ্ধে মামলা করা এনবিআরের নিয়মিত কার্যক্রমের অংশ। এনবিআর হঠাৎ করে এদের বিরুদ্ধে মামলা করছে এমন নয়। সব সময়ই এ ধরনের মামলা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যে কারো বিরুদ্ধে মামলা করা হবে।" চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথম ১৫ দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আবদুল মজিদ বলেন, ''সরকারি কর্মকর্তারা নেপথ্যে কাজ করে। সামনে কম আসে। আমিও সেই পথ অনুসরণ করতে চাই। কথা কম বলে কাজ করবো বেশি। আর সব কাজই করা হবে আইন মেনে।" এনবিআর চেয়ারম্যান বলেন, ''আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ খাদ্যদ্রব্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশের অর্থনীতিতেও একটি ক্রান্তিকাল চলছে। এ সমস্যা কাটিয়ে উঠতে রাজস্ব আদায় বাড়ানো ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আর তা করতে হলে আমাদের রাজস্ব আদায়ের লক্ষমাত্রা অতিক্রম করতে হবে। এ জন্য আমরা স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা অনুযায়ী কাজ করতে চাই।'' চলতি অর্থবছরের (২০০৭-০৮) প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা অতিক্রম করায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ''জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আমাদের লক্ষমাত্রা ছিল ৯ হাজার ৫১ কোটি ৪৬ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৯ হাজার ৩০১ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ লক্ষমাত্রার চেয়ে ২৫০ কোটি টাকা বেশি আদায় হয়েছে। আর গত অর্থবছরের একই সময়ের তুলনায় আদায় হয়েছে এক হাজার ৬৩৫ কোটি টাকা বেশি।" অর্থবছরের বাকি নয় মাসেও এ সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এক প্রশ্নের জবাবে আবদুল মজিদ জানান, ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা কোনোভাবেই আর বাড়ানো হবে না। যারা ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেবেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, মেয়াদ পেরিয়ে গেলেও যে কেউ যে কোনো সময় অপ্রদর্শিত আয় বৈধ করতে পারবেন। তবে এক্ষেত্রে আয়কর অধ্যাদেশ অনুযায়ী জরিমানা দিতে হবে। আবদুল মজিদ বলেন, ''করদাতাদের সঙ্গে আমি বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলতে চাই। হয়রানি ছাড়া করদাতারা যাতে কর দিতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করতে চাই। তবে দেশের মানুষকেও বুঝতে হবে তারা কর না দিলে দেশের উন্নয়ন সম্ভব না। এমনিতেই আমাদের ট্যাক্স-জিডিপির অনুপাত খুবই কম। এ নিয়ে দাতাসংস্থা ও দেশগুলোর নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। এ দুর্নাম থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আর এ জন্য করদাতাদের কর দিতে উদ্বুদ্ধ হতে হবে।" চেয়ারম্যান জানান, দেশে এখন টিআইএনধারী (কর সনাক্তকরণ নম্বর) করদাতার সংখ্যা ২২ লাখ। তবে টিআইএন থাকলেই যে কর দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যার বার্ষিক আয় নির্ধারিত কর সীমার উপরে, তাকেই কেবল কর দিতে হবে। গত বছর পাঁচ লাখ টিআইএনধারী আয়কর দিয়েছিলেন বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএ/১৯০৭ঘ.