ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যাংক, বিদ্যুৎ ও ওষুধ কোম্পানির ভালো মানের শেয়ার লেনদেনের কারণে সোমবার মাঝ বেলা পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে সূচক ছিল ঊর্ধ্বমুখী।
বেলা সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ১৩ দশমিক ৬৬ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ বেড়ে দুই হাজার ৮৮৫ দশমিক ৪২ পয়েন্ট হয়। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ৮ দশমিক ২৩ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে দুই হাজার ৪৫২ দশমিক ২০ পয়েন্টের ঘরে ছিল।
এ সময়ের মধ্যে বাজারে দাম বেড়ে যাওয়া কোম্পানির শেয়ারের সংখ্যাই ছিল বেশি। লেনদেনকৃত মোট ১৭০টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ৫৫টির এবং ১১টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। লেনদেন হয়েছে মোট ৭৭ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৫০ লাখ ৯৩ হাজার ৮৬৩টি শেয়ার।
বেলা ১১ টা ৫ মিনিট পর্যন্ত বাজারে সোশাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ার ছিল লেনদেনের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে। এ সময় পর্যন্ত ব্যাংকটির শেয়ার রোববারের ৫০২ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৫০৪ টাকা হয়। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ার এক হাজার ৪৯২ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ৪৯৫ টাকা ২৫ পয়সা, বেক্সিমকো ফার্মার ৭২ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ৭৫ টাকায় লেনদেন চলছিল।
মুনাফা তুলে নেয়ার প্রবণতায় কমেছে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম। এর শেয়ার এক হাজার ১১৭ টাকা ৫০ পয়সা থেকে কমে এক হাজার ১০৫ টাকা হয়েছে।
বেড়েছে আইডিএলসি এর শেয়ারের দামও। এর শেয়ার এক হাজার ২৮৩ টাকা থেকে বেড়ে এক হাজার ৩৫০ টাকা হয়েছে।
লেনদেনে ভালো অবস্থায় থাকা অন্য কোম্পানির শেয়ারের মধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ওয়ান ব্যাংক, গ্রামীণওয়ান মিউচ্যুয়াল ফান্ড, ইসলামী ব্যাংক ও সামিট পাওয়ারের শেয়ারের দাম বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১৩০০ ঘ.
bdnews24