২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শুরুতেই চাঙা পুঁজিবাজার

মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় গেল সপ্তাহে দরপতনের বাজারে গতি ফিরে এসেছে সপ্তাহের শুরুতে। শেয়ার বিক্রির চাপে রোববার দিনের শুরুতে পুঁজিবাজারে সূচক এক দশমিক ৫০ শতাংশ বেড়ে যায়। তবে পরে মূল্যসূচকে পতন দেখা দিলেও সব মিলিয়ে দিন শেষে বাজার ছিল চাঙা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 12:14 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় গেল সপ্তাহে দরপতনের বাজারে গতি ফিরে এসেছে সপ্তাহের শুরুতে। শেয়ার বিক্রির চাপে রোববার দিনের শুরুতে পুঁজিবাজারে সূচক এক দশমিক ৫০ শতাংশ বেড়ে যায়। তবে পরে মূল্যসূচকে পতন দেখা দিলেও সব মিলিয়ে দিন শেষে বাজার ছিল চাঙা। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, "মনে হচ্ছে মার্চেন্ট ব্যাংকগুলো ঋণের সমন্বয় করছে। এ বিষয়ে গেল সপ্তাহে কিছুটা সংশোধনের পরই বাজার গতি ফিরে পেয়েছে। এটিই বাজারের স্বাভাবিক আচরণ।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৫ দশমিক ৪৪ পয়েন্ট বা এক দশমিক ২৪ শতাংশ বেড়ে দুই হাজার ৮৭১ দশমিক ৭৬ পয়েন্ট হয়েছে। অন্যদিকে, ডিএসআই বা সার্বিক শেয়ার মূল্যসূচক ৩১ দশমিক ৯৮ পয়েন্ট বা এক দশমিক ৩২ শতাংশ বেড়ে দুই হাজার ৪৪৩ দশমিক ৯৬ পয়েন্টের ঘরে অবস্থান করছে। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৫ দশমিক ৬৪ পয়েন্ট বা এক দশমিক ৬২ শতাংশ বেড়ে দুই হাজার ২৩০ দশমিক ৩০ পয়েন্ট হয়। দিনব্যাপী ২১৬টি কোম্পানির শেয়ার লেনদেনের মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ৭৬টির এবং ১৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১১ কোটি টাকার এক কোটি ২৮ লাখ ১০ হাজার ৬০২টি শেয়ার লেনদেন হয়। লেনদেনের দিক দিয়ে রোববার শীর্ষে ছিল সোশাল ইনভেস্টমেন্ট ব্যাংক। মূলত কেন্দ্রীয় ব্যাংকের সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর তালিকা থেকে ব্যাংকটি শিগগিরই বেরিয়ে আসবে- এ খবরে ব্যাংকটির শেয়ার লেনদেনের হার ছিল চাঙা। এদিন ব্যাংকটির শেয়ারের দাম শতকরা আট দশমিক ৮৭ ভাগ বেড়ে ৫০২ টাকা ৭৫ পয়সায় দাঁড়িয়েছে। ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সমস্যাগ্রস্ত ব্যাংকের তালিকা থেকে তাদের বাদ দেওয়ার জন্য আবেদন করেছে। তবে এ বিষয়ে এখনো তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কোনো ধরনের চিঠি পায়নি। এসএআর সিকিউরিটিজ এর শরিফ আতাউর রহমান জানান, বাজারে নতুন বিনিয়োগকারী আসছে, এখন তাদের চাহিদা পূরণে প্রয়োজন নতুন নতুন প্রতিষ্ঠানের শেয়ার। লেনদেনের মন্দা কাটিয়ে ব্র্যাক ব্যাংক দ্বিতীয় স্থানে উঠে এসেছে। গত সপ্তাহব্যাপী পড়তে থাকা ব্যাংকটির শেয়ার রোববার এক দশমিক ০৪ শতাংশ বেড়ে এক হাজার ৪৯২ টাকা ৭৫ পয়সা হয়। এ ছাড়া ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দামও গত দিনের তুলনায় বেড়েছে। ব্যাংকটির শেয়ারের দাম তিন দশমিক ৩২ শতাংশ বেড়ে এক হাজার ১১৭ টাকা ৫০ পয়সা হয়েছে। অন্যদিকে, মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বিদ্যুৎ খাতের শেয়ারে দরপতন ঘটেছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ার দশমিক ৫৬ শতাংশ পড়ে ৬১৬ টাকা হয়েছে। কমেছে ডেসকোর শেয়ারের দামও। মিউচ্যুয়াল ফান্ডের তালিকার শেয়ারের মধ্যে গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ছিল শীর্ষে। এ কোম্পানির শেয়ারের দাম গত দিনের চেয়ে তিন দশমিক ৮২ শতাংশ বেড়ে ৮৪টাকা ১০পয়সা হয়েছে। বীমা কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে ছিল ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। দিন শেষে এ বীমা কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। এদিকে, ব্যাংক, বীমা ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের বদৌলতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সবগুলো মূল্যসূচকই ছিল ঊর্ধ্বমুখী। এ বাজারে মোট ২৩ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকা সমমূল্যের ২৩ লাখ ৯২ হাজার ৫৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ৬৭টির দাম বেড়েছে, কমেছে ৪৬টির এবং ৯টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এমএ/১৮০৯ ঘ.