ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)পরামর্শ ও নির্দেশনা মেনে পাটশিল্পকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন কেন্দ্রীয় নেতা। এ 'ধ্বংস প্রক্রিয়ায়' জড়িত সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও নীতিনির্ধারকদের বিচার দাবি করেছেন তিনি।
শনিবার রাজধানীর ফরহাদ-মনিসিংহ ট্রাস্ট মিলনায়তনে বেসরকারি সংস্থা নাগরিক সংহতির সেমিনারে কমিউনিস্ট পার্টির সভাপতিমন্ডলীর সদস্য শহীদুল্লাহ চৌধুরী বলেন, "বিশ্বব্যাংক ও আইএমএফের নির্দেশনায় বর্তমান সরকার পাটশিল্প ধ্বংসের পরিকল্পনা চূড়ান্ত করেছে। দেশের মানুষ এটা মেনে নেয়নি। জরুরি অবস্থায় মানুষ কথা বলতে না পারলেও যে কোনো সময় এ চক্রান্তের বিরুদ্ধে গণবিস্ফোরণ ঘটতে পারে।"
যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সাহায্য সংস্থা এ্যাকশন এইড এর সহযোগিতায় 'বিজেএমসির পাটক্রয় নীতি: কৃষক ও পাটচাষীদের স্বার্থ' শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাটচাষী সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ।
প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে এক সময় বিজেএমসির শাখা ছিল ১৪২টি। বিশ্বব্যাংক ও আইএমএফ এর 'তথাকথিত সংস্কার নীতি' বাস্তবায়ন করে এ বছর পাটক্রয় কেন্দ্র কমিয়ে ৫২টি করা হয়েছে। এর ফলে চাষীরা পাট বিক্রি করার সুযোগ পাচ্ছে না। এ সুযোগে এক শ্রেণীর মধ্যস্বত্ত্বভোগী তাদের কাছ থেকে কম দামে পাট কিনে নিচ্ছে।
সেমিনারে পাটশিল্প রক্ষার জন্য কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এগুলো হচ্ছে: পাটনীতি ধ্বংসের নীতি পরিবর্তন করে রক্ষার নীতি গ্রহণ, বিজেএমসিকে দুর্নীতিমুক্ত করা, পাটচাষী, শ্রমিক ও ব্যবসায়ীদের অংশগ্রহণের মাধ্যমে বিজেএমসির সংস্কার এবং পাট খাতের উন্নয়নে গবেষণা, কৃষককে ভালো বীজ সরবরাহ, সময়মতো পাটক্রয়ের জন্য অর্থ বরাদ্দের ব্যবস্থা করা, অন্যান্য কৃষিপণ্যের দাম বাড়ার কারণে পাটের সর্বনিম্ন মূল্য বৃদ্ধি ইত্যাদি।
সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক সংহতির চেয়ারম্যান ড. এ এস এম আতীকুর রহমান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক এম এম আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সৈয়দ আবুল মকসুদ, লুৎফর রহমান, প্রকৌশলী সরদার আমিন, পাট ব্যবসায়ী সমিতির নেতা প্রতাপ ঘোষ ও মাদারীপুরের পাটচাষী আবদুল খালেক মোল্লা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমএসবি/এসকে/২২৩৪ঘ.
bdnews24