ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার ধারাবাহিকতায় শেয়ার বাজার দৃশ্যত কিছুটা স্থিতিশীল হয়ে উঠছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় শেয়ারের দাম কিছুটা পড়ে যাওয়ায় এটা সম্ভব হয়েছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এর চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, "এটা কিছু ক্ষেত্রে বাজারকে স্থিতিশীল করতে সহায়তা করেছে। কিন্তু অনেক শেয়ারের দাম অতিরিক্ত মাত্রায় রয়ে গেছে।"
বৃহস্পতিবার দিনশেষে প্রধান ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক গত বৃহস্পতিবারের তুলনায় ৬৫ দশমিক ৬৭ পয়েন্ট বা ২ দশমিক ২৬ শতাংশ কমে ২৮৩৬ দশমিক ৩২ পয়েন্ট ছিল। গত বৃহস্পতিবার এই সূচক ছিল ২৯০১ দশমিক ৯৯ যা ছিল সর্বকালের মধ্যে সর্বোচ্চ। ডিএসই-তে অন্যান্য সূচকও ছিল নিুগামী।
ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ২৪ দশমিক ৬ শতাংশ কমে এ যাবতকালের সর্বোচ্চ গড় ২৬৩ কোটি টাকা থেকে ১৯৮ কোটি টাকা হয় । গ্রাহকদের শতভাগ ব্যাংক ঋণপ্রদানের ওপর এসইসি'র একটি বিধির কারণেই মূলত এটি হয়েছে। শেয়ার লেনদেনের সংখ্যাও এসময় কমেছে।
২০০৬-২০০৭ সালের জন্য শেয়ার হোল্ডারদের ২৫ শতাংশ মুনাফা ঘোষণা করার পর ডেসকোর শেয়ারের দরপতনের মধ্য দিয়ে গত সপ্তাহটি শুরু হয়।
বাজারের প্রধান প্রধান প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সামিট পাওয়ার, এবি ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ও স্কয়ার ফার্মাসিটিক্যালসের শেয়ারের টানা দরপতনে বাজার পড়তির দিকেই থেকেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ বলেন, "এটা প্রত্যাশিতই ছিল। মুনাফা তুলে নেওয়ায় বাজার শান্ত হতে পারে। কিন্তু দেখা যাক, এটা পরবর্তী কয়েকদিন কী আচরণ করে।"
বিশ্লেষকরা বলেছেন, ইসলামী ব্যাংক ও রূপালী ব্যাংকের শেয়ারের অস্থিতিশীলতা ছাড়া সপ্তাহ জুড়ে বাজার আচরণ মোটামুটি ভাল ছিল এবং বড় ধরণের সংশোধনের ঝুঁকি সামলাতে পেরেছে।
এইমস এর য়াওয়ের সাইদ বলেন, "বাজার বড় কোন ধাক্কা খায়নি যা এর পরিপক্কতারই লক্ষণ। এখানে একটি বড় ধরণের সংশোধন হবে বলে মনে হচ্ছে না।"
বিশ্লেষকরা বলেন, গত ২৫ অক্টোবরের সর্বকালের সর্বোচ্চ ডিজিইএন বেঞ্চমার্ক ২৯০১ দশমিক ৯৯ এ পৌঁছানোর পর বিনিয়োগকারীরা অপেক্ষা করেন এবং একটু বিরাম নেন।
বিশ্লেষকের মতে, আবাসন খাতে ব্যাংক ঋণ দেওয়া কমে যাওয়ায় টাকা শেয়ার বাজারে চলে গেছে।
রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি'র ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক খন্দকার বলেন, "বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান নিয়েছে বলে মনে হচ্ছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমএআর/এসকে/২১৪৭ঘ.
bdnews24