ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) বাড়ানো হয়েছে। রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের লক্ষ্যে এ তহবিল ১০ কোটি ডলার (১০০ মিলিয়ন ডলার) থেকে বাড়িয়ে ১৫ কোটি ডলার (১৫০ মিলিয়ন ডলার) করা হয়েছে।
সোমবার এ সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের একটি আদেশে বলা হয়, ইডিএফের আওতায় রপ্তানি পণ্য উৎপাদনের উপকরণ আমদানির ক্ষেত্রে (ব্যাক-টু-ব্যাক এলসি) একক ঋণগ্রহীতাকে দেওয়া ঋণসীমা ১০ লাখ ডলার থেকে বাড়িয়ে ১৫ লাখ ডলার করা হয়েছে।
রপ্তানি ঋণপত্রের/চুক্তি মূল্যের (এফওবি) বিপরীতে সাইট ভিত্তিতে আমদানি ঋণপত্রের সর্বোচ্চ সীমা আমদানি নীতি আদেশ ২০০৬-২০০৯ এ উল্লেখ করা সীমার মধ্যে হতে হবে বলে আদেশে জানানো হয়েছে।
আগামী ১ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। রপ্তানি উন্নয়ন তহবিলের আওতায় ঋণ সহায়তা দেওয়ার ব্যাপারে অন্যান্য শর্তাবলী বা নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক বেলায়েত হোসেন স্বাক্ষরিত আদেশটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এ আদেশ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থ নিয়ে ইডিএফ গঠন করা হয়েছে।"
তিনি জানান, রপ্তানিকারকরা প্রয়োজনীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলোর মাধ্যমে ১৮০ দিনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের এ তহবিল থেকে ঋণ নিয়ে থাকেন। নতুন আমদানি নীতিমালা (২০০৬-০৯) অনুযায়ী এ তহবিল থেকে ঋণ নেওয়ার পরিমাণ মোট আমদানি মূল্যের ৮০ শতাংশ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/এমএইচবি/২১৩৮ ঘ.
bdnews24