২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রগতি ধরে রাখা গেলে ছয় মাস পর বন্দরে জট থাকবে না: চবক চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দরকে আগামী ছয় মাসের মধ্যে কন্টেইনার জটমুক্ত বন্দর হিসাবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম ফারুক। একইসঙ্গে তিনি জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের রাজস্ব আয় গত বছরের এ সময়ের চেয়ে ৬০ কোটি টাকা বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 11:39 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরকে আগামী ছয় মাসের মধ্যে কন্টেইনার জটমুক্ত বন্দর হিসাবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম ফারুক। একইসঙ্গে তিনি জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের রাজস্ব আয় গত বছরের এ সময়ের চেয়ে ৬০ কোটি টাকা বেশি। চবক চেয়ারম্যান রোববার চবক প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, "বন্দরে পরিবর্তনের ফলে যে অগ্রগতি দেখা দিয়েছে তা ধরে রাখা গেলে আগামী ছয় মাস পর বন্দরে কোনো কন্টেইনার জট থাকবে না। বন্দরে জাহাজ অবস্থানের গড় সময়সীমাও (টার্ন এরাউন্ড টাইম) কমে আসবে।" অগ্রগতির এ ধারা বজায় থাকলে আগামী ছয় মাস পর বন্দরে একটি জাহাজের পণ্য খালাস থেকে শুরু করে পণ্য বোঝাই কালের গড় অবস্থানের সময়সীমা অন্যান্য উন্নত বন্দরের মতো পৌনে চার দিনে নামিয়ে আনা সম্ভব বলে দাবি করেন তিনি। কমোডোর ফারুক জানান, কন্টেইনার জট কমাতে বন্দরের ধারণ ক্ষমতা বৃদ্ধি করে ২২ হাজার ৬৫১ টিইইউএসে উন্নীত করা হয়েছে। আগে এ ধারণ ক্ষমতা ছিল ১৪ হাজার টিইইউএস। অবকাঠামোগত সুবিধা বাড়ানোর পাশাপাশি বন্দরের বিভিন্ন অনিয়ম দূর করতে কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও চবক চেয়ারম্যান জানান। তিনি জানান, গত অর্থ বছরে (২০০৬-০৭) বন্দরে ৩ কোটি ২ লাখ ৯৪ হাজার ৭৪৮ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং হয়েছে। একই সময়ে ৯ লাখ ১৩ হাজার ৭০৪ টিইইউএস (প্রতি ২০ ফুট কন্টেইনার) কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। আর দুই হাজার ২১টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। কমোডর এম ফারুক জানান, গত অর্থ বছরে বন্দরের মাধ্যমে রাজস্ব আয় হয়েছে ৮৩৩ কোটি ৫০ লাখ টাকা এবং ব্যয় হয়েছে ৪২১ কোটি ৬৫ লাখ টাকা। উদ্বৃত্ত হয়েছে ৪১১ কোটি ৮৫ লাখ টাকা। যা আগের অর্থ বছরের (২০০৫-০৬) চেয়ে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের রাজস্ব আয়ের পরিমাণ ৬৮২ কোটি টাকা জানিয়ে তিনি বলেন, "এটা গত বছরের এ সময়ের চেয়ে ৬০ কোটি টাকা বেশি।" নিউমুরিং কন্টেইনার টার্মিনালে (এনসিটি) বেসরকারি অপারেটর নিয়োগে প্রসঙ্গে চবক চেয়ারম্যান বলেন, "বন্দর নির্মিত এ টার্মিনালে বেসরকারি অপারেটর নিয়োগের ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠান যাতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারে, সে জন্য দুটি শর্ত দরপত্রে রাখা হচ্ছে। যৌথ বিনিয়োগের পাশাপাশি কোনো বিদেশি প্রতিষ্ঠান যদি এ কাজের ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ শেয়ার কোনো একটি দেশি প্রতিষ্ঠানকে ছেড়ে দেয় তবে তাদের ২ শতাংশ ও সাড়ে ৫ শতাংশ সুবিধা দেয়ার বিধান রাখার প্রস্তাব থাকছে।" এ সংক্রান্ত প্রস্তাব নৌ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে জানিয়ে চবক চেয়ারম্যান বলেন, "আইন মন্ত্রণালয় অনুমোদন দিলেই দরপত্র আহ্বান করা হবে।" মতবিনিময় সভায় চবক সদস্য (অর্থ) হারুন মিয়া, পরিচালক (নিরাপত্তা ও ট্রাফিক) কর্নেল এস এম ফিরোজসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৭৩৫ ঘ.