ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় ঢাকার পুঁজিবাজারে রোববার মাঝ বেলাতেই দরপতন ঘটেছে। সকালে লেনদেন শুরু হওয়ার প্রথম ঘণ্টায় বাজারে মিশ্র ভাব লক্ষ করা গেলেও তার পর পরই বাজারে দরপতন ঘটতে শুরু করে। তাই সূচকও ছিল নিুমুখী।
এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সজেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৮ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ কমে দুই হাজার ৮৯৩ দশমিক ০৫ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১৪ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ কমে দুই হাজার ৪৫৫ দশমিক ৮৭ পয়েন্টের ঘরে অবস্থান করছে।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১১০ কোটি টাকা মূল্যমানের এক কোটি ১৮ লাখ ৪৩ হাজার ৫৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকৃত ১৭৮টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ৮০টির ও ৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
দরপতনের বাজারে লেনদেনের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে ডেসকো। মূলত ২০০৬-০৭ অর্থ বছরের জন্য কোম্পানিটির শেয়ার হোল্ডারদের মধ্যে ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণার পর থেকেই এর লেনদেন বাড়তে থাকে। লেনদেন বেশি হলেও এ কোম্পানির শেয়ারের দাম পূর্ববর্তী এক হাজার ৩৮১ টাকা থেকে কমে রোববার এক হাজার ১৮৫ টাকা হয়েছে।
অন্যদিকে সামিট পাওয়ার ও পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের শেয়ারের দামও কমেছে। তবে রীতিমত বাজারে হৈচৈ ফেলে দিয়েছে ট্রাস্ট ব্যাংকের শেয়ার। প্রতিদিনই বাড়ছে ব্যাংকটির শেয়ারের দাম। রোববার এ ব্যাংকের শেয়ার বৃহস্পতিবারের এক হাজার ১৬৬ টাকা থেকে বেড়ে এক হাজার ১৮৬ টাকা হয়েছে।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় কমেছে রূপালী ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া বেক্সিমকো ও বেক্সট্যাক্স এর শেয়ারের দামও বেড়েছে। বেক্সিমকোর শেয়ারের দাম ৬৯ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে ৭৬ টাকায় লেনদেন হচ্ছে।
এআইএমএস মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম ৮ টাকা ৯৪ পয়সা থেকে বেড়ে ৯ টাকা ২৫ পয়সা, গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম ৮৩ টাকা ৯০ পয়সা থেকে ৮৫ টাকা ৮০ পয়সা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এমএ/১২৪৭ঘ.
bdnews24