২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিওতে বেসরকারি প্রতিনিধি নিয়োগের আহ্বান জানিয়েছেন ড. দেবপ্রিয়

জেনেভা মিশনে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি ড. দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) জেনেভা মিশনে একজন বেসরকারি প্রতিনিধি নিয়োগের জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 12:14 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেনেভা মিশনে বাংলাদেশের নবনিযুক্ত স্থায়ী প্রতিনিধি ড. দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) জেনেভা মিশনে একজন বেসরকারি প্রতিনিধি নিয়োগের জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই প্রতিনিধি সরকারি স্থায়ী প্রতিনিধির পাশাপাশি উন্নত দেশগুলোর কাছ থেকে পর্যাপ্ত বাণিজ্য সুবিধা আদায়ের কাজে সহযোগিতা করবেন। শনিবার সকালে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় ড. দেবপ্রিয় এ আহ্বান জানিয়ে বলেন, "বর্তমানে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে এক জটিল পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। গত এক বছরে খাদ্য পণ্যের দাম বেড়েছে ৪০ শতাংশের বেশি। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্য সুবিধা আদায়ের জন্য শুধু সরকারি পর্যায়ে তৎপরতা চালালে হবে না। বেসরকারি পর্যায়েও উদ্যোগ নিতে হবে। এজন্যই বেসরকারি খাতের একজনকে জেনেভা মিশনে নিয়োগ দেওয়া প্রয়োজন। এফবিসিসিআইসহ বিভিন্ন বাণিজ্য সংগঠন সম্মিলিতভাবে মাসিক বেতনের ভিত্তিতে একজন বিষেশজ্ঞকে এ পদে নিয়োগ দিতে পারে।" এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, "বিভিন্ন বাণিজ্য সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।" মতিঝিলের এফসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে এফবিসিসিআই সহ-সভাপতি মোহাম্মদ আলী, পরিচালক এম এ রউফ, আবুল কাশেম, বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুল হক, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ, বিটিএমএ'র সাবেক সভাপতি এম এ আউয়াল প্রমুখ বক্তব্য দেন। দেবপ্রিয় ভট্টাচায বলেন, "আগামী বছরের মার্চ-এপ্রিল সময়ে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ সময়ের মধ্যে আমেরিকার বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধা আদায় করা সম্ভব না হলে নির্বাচনের পর তা খুবই কঠিন হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/জিএনএ/১৮০৫ ঘ.