চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বুধবার আকস্মিক সফরে চট্টগ্রাম শুল্ক ভবনে আসেন। দায়িত্ব গ্রহণের তিন দিনের মাথায় তিনি চট্টগ্রামে এলেন।
এনবিআর চেয়ারম্যান কাস্টমস ও ভ্যাট কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণের তৎপর হওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
বৈঠক সম্পর্কে কাস্টমস কমিশনার লুৎফর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এনবিআর চেয়ারম্যানের এটি ছিল আকস্মিক সফর। বৈঠকে তিনি রাজস্ব আদায়ের ক্ষেত্রে নানা বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের জন্য শুল্ক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। করদাতাদের সঙ্গে শোভন আচরণ করাসহ শুল্ক বিভাগেড়র ভাবমূর্তি বাড়ানোর আহ্বানও জানান তিনি।"
সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা কাল বৈঠক শেষে এনবিআর চেয়ারম্যান শুল্ক ভবনের কম্পিউটার হল, শুল্কায়ন ও ডিটিআই কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ করেন। বিকাল তিনটায় তিনি রাজধানীর উদ্দেশে চট্টগ্রাম ছাড়েন।
চলতি অর্থবছরে চট্টগ্রাম শুল্ক ভবনের মাধ্যমে ১২ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম তিন মাসে মোট দুই হাজার ৭৫০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এটা প্রথম তিন মাসের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০০ কোটি টাকা বেশি বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার লুৎফর রহমান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এমআই/১৮৫৬ ঘ.
bdnews24