ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুঁজি বাজারের অস্বাভাবিক আচরণ সম্পর্কে নিয়ন্ত্রক সংস্থা এসইসি'র সতর্কবাণীর পর মঙ্গলবার বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় শেয়ার বাজারে লেনদেন কমেছে।
এর আগে সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) শেয়ার বাজারের বর্তমান অবস্থাকে 'অস্বাভাবিক' হিসেবে উল্লেখ করে। ডিজিইএন বা শেয়ারের সাধারণ মূল্য সূচক প্রথমবারের মতো রেকর্ড ২৯০০ পয়েন্ট অতিক্রম করায় সংস্থাটি এ ধরনের মন্তব্য করে।
সিকিউরিটিজ এর চেয়ারম্যান ইমতিয়াজ হুসাইন বলেন, বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ায় ও এসইসি'র সতর্কবাণীতে বাজারে লেনদেন কমেছে। বর্তমান অবস্থার বিবেচনায় এটা ইতিবাচক ঘটনা।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৭ দশমিক ৯০ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ কমে ২৮৭৩ দশমিক ৭৮ পয়েন্ট হয়।
ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩০ দশমিক ২৬ পয়েন্ট বা এক দশমিক ২৩ শতাংশ কমে হয়েছে ২৪২৬ দশমিক ৩৪ পয়েন্ট।
ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৫ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ কমে ২২০৭ পয়েন্ট হয়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮৬ কোটি টাকার এক কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৮৫৫টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৭৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির দাম।
মার্চেন্ট ব্যাংক আইডএলসি'র পুঁজি বাজার বিশ্লেষক আরিফ খান বলেন, লাভবান হওয়ার জন্য বুদ্ধিমান বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করে দেওয়া উচিত। মুনাফার পরিমাণ অনেক বেশি বেড়ে যাওয়া শেয়ার বাজারের জন্য একটি বড় হুমকি।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৯৪ শতাংশ কমে হয়েছে ১১৫৫ টাকা।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৪০ শতাংশ কমে ১৫২৫ টাকা ৭৫ পয়সা হয়। প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৬৩ শতাংশ কমে হয়েছে ৮৮৬ টাকা ৫০ পয়সা।
ব্যাংকিং খাতের অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে স্যোশাল ইনভেস্টমেন্ট ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও ইউসিবিএল ও শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম কমেছে।
ডেসকোর শেয়ার এক দশমিক ৫৪ শতাংশ বেড়ে ১২২৭ টাকা ৫০ পয়সা হয়। তবে সামিট পাওয়ারের শেয়ার ৩ দশমিক ৯৮ শতাংশ কমে ১৫৩৫ টাকা ৭৫ পয়সা হয়েছে।
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমেছে। তথ্য প্রযুক্তি ও মিউচুয়াল ফান্ড খাতের শেয়ারের অবস্থা ছিল মিশ্র।
মঙ্গলবার মিউটুয়াল ফান্ড ও বীমা প্রতিষ্ঠানগুলো ছাড়া অন্যান্য খাতের শেয়ারের দাম কমায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ৪৩ কোটি ৩৮ লাখ ৬০হাজার টাকার ৩৯ লাখ ৭২ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭৯টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএ/১৮০৬ঘ.
bdnews24