২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজি বাজার অস্বাভাবিক, বিশেষজ্ঞদের উদ্বেগ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) শেয়ার বাজারের বর্তমান অবস্থাকে 'অস্বাভাবিক' হিসেবে উল্লেখ করেছে। সোমবার ডিজিইএন বা শেয়ারের সাধারণ মূল্য সূচক ২৯০০ পয়েন্ট অতিক্রম করায় সংস্থাটি এ মন্তব্য করলো। বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিল ৫০০ কোটি টাকায় উন্নীত করার ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীরা ব্যাংকিং খাতের শেয়ার কেনা বাড়িয়ে দিলে ডিজিইএন সূচক প্রথমবারের মতো ২৯০০ পয়েন্ট সীমা অতিক্রম করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 01:43 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) শেয়ার বাজারের বর্তমান অবস্থাকে 'অস্বাভাবিক' হিসেবে উল্লেখ করেছে। সোমবার ডিজিইএন বা শেয়ারের সাধারণ মূল্য সূচক ২৯০০ পয়েন্ট অতিক্রম করায় সংস্থাটি এ মন্তব্য করলো। বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিল ৫০০ কোটি টাকায় উন্নীত করার ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীরা ব্যাংকিং খাতের শেয়ার কেনা বাড়িয়ে দিলে ডিজিইএন সূচক প্রথমবারের মতো ২৯০০ পয়েন্ট সীমা অতিক্রম করে। তহবিল বাড়ানোর ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের আদেশের ফলে ব্যাংকগুলো রাইট শেয়ার ও বোনাস শেয়ারের ঘোষণা দিতে পারে - এমন জল্পনাও বাজারে লেনদেন বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। সোমবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ছিল নতুন রেকর্ড ৩১৬ কোটি টাকা। এর আগে ২২ জুলাই সর্বকালের সর্বোচ্চ ২৭৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এসইসি'র নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ এক প্রেস ব্রিফিং এ বলেন, "এটা অস্বাভাবিক। অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম তার মানের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়েছে। এ ধরনের পরিস্থিতিতে ছোট বিনিয়োগকারীরা অনেক বেশি ঝুঁকিতে থাকবেন যা একটা আশঙ্কার বিষয়।" তবে বাজার কেন এমন আচরণ করছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ফরহাদ আহমেদ । বাজারে শেয়ারের চাহিদা ও যোগানের মধ্যে অনেক বেশি ফারাক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চাহিদা মেটাতে ভালো মানের শেয়ার ছাড়ার জন্য আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি। জানুয়ারি থেকেই বিভিন্ন কারণে শেয়ার বাজারে অর্থের প্রবাহ বেড়েছে। এসব কারণের মধ্যে রয়েছে, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পুঁজি বাজারে বর্ধিতহারে প্রবেশ, মার্চেন্ট ব্যাংকগুলোর ঋণ সীমা বাড়ানো, সঞ্চয়পত্রের বিনিয়োগ শেয়ার বাজারে স্থানান্তর, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, খুচরা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বাজারে বিনিয়োগের আগ্রহ বৃদ্ধি ইত্যাদি। ডিএসই'র প্রধান নির্বাহী সালেহ উদ্দিন আহমেদ খান বলেন, বাজার নতুন উচ্চতায় পৌঁছলেও তাকে অভিনন্দন জানাতে পারছি না আমরা। এর ফলে ছোট বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি বেড়েছে। বর্তমান চাহিদা অনুযায়ী শেয়ারের সরবরাহ বাড়াতে না পারলে এই ঝুঁকি কমবে না। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪১ পয়েন্ট বা এক দশমিক ৪৩ শতাংশ বেড়ে রেকর্ড ২৯০১ দশমিক ৬৯ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩১ দশমিক ৪৭ পয়েন্ট বা এক দশমিক ২৯ শতাংশ বেড়ে হয়েছে ২৪৫৬ দশমিক ৬০ পয়েন্ট। আকর্ষণীয় ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৪০ দশমিক ৯৮ পয়েন্ট বা এক দশমিক ৮৭ শতাংশ বেড়ে ২২২৩ দশমিক ১৭ পয়েন্ট হয়। ডিএসইতে ১২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং কমেছে ৮৩টির। অপরিবর্তিত ছিল ১২টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম ১২ দশমিক ৪৯ শতাংশ বেড়ে হয়েছে ১১৬৬ টাকা। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ১৫৭৯ টাকা ৫০ পয়সা হয়। প্রাইম ব্যাংকের শেয়ারের দাম ৭ দশমিক ১৮ শতাংশ বেড়ে ৯১০ টাকা ৫০ পয়সায় পৌঁছায়। লভ্যাংশ তুলে নেওয়ায় এবি ব্যাংকের শেয়ারের দাম কমলেও সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ব্যাংক ও এনসিসি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। লভ্যাংশ তুলে নেওয়ার কারণে ডেসকোর শেয়ারের দাম ৮ দশমিক ৫৭ শতাংশ কমে ১২০৯ টাকা ৫০ পয়সা হয়। একই কারণে সামিট পাওয়ারের শেয়ার ৩ দশমিক ৪৪ শতাংশ কমে ১৫৯৯ টাকা ৫০ পয়সায় দিন শেষ করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসকে/১৯৩৫ঘ.