২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালীর শেয়ারে ভর করে রেকর্ড উচ্চতায় শেয়ার বাজার

রূপালী ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় মঙ্গলবার নতুন উচ্চতায় পৌঁছেছে ঢাকা শেয়ার বাজারের ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক। সৌদি যুবরাজ নভেম্বরের মধ্যে রূপালী ব্যাংক কেনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এ খবরে ব্যাংকটির শেয়ারের দাম ৫৭ দশমিক ২৬ শতাংশ বেড়ে রেকর্ড ৩১২৪ টাকা ৫০ পয়সা হয়। এদিকে অস্বাভাবিকভাবে দাম বাড়তে থাকায় দুপুরের দিকে রূপালী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। তবে ব্র্যাক ও অন্যান্য ব্যাংকের শেয়ারের তেজিভাবও সূচকের ঊর্ধ্বগতিতে ভূমিকা রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2007, 02:26 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রূপালী ব্যাংকের শেয়ারের দাম বাড়ায় মঙ্গলবার নতুন উচ্চতায় পৌঁছেছে ঢাকা শেয়ার বাজারের ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক। সৌদি যুবরাজ নভেম্বরের মধ্যে রূপালী ব্যাংক কেনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এ খবরে ব্যাংকটির শেয়ারের দাম ৫৭ দশমিক ২৬ শতাংশ বেড়ে রেকর্ড ৩১২৪ টাকা ৫০ পয়সা হয়। এদিকে অস্বাভাবিকভাবে দাম বাড়তে থাকায় দুপুরের দিকে রূপালী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। তবে ব্র্যাক ও অন্যান্য ব্যাংকের শেয়ারের তেজিভাবও সূচকের ঊর্ধ্বগতিতে ভূমিকা রেখেছে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৬৮ দশমিক ৫০ পয়েন্ট বা ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে রেকর্ড ২৮৭১ দশমিক ১০ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১১৫ দশমিক ৪৯ পয়েন্ট বা ৪ দশমিক ৯৫ শতাংশ বেড়ে রেকর্ড ২৪৪৭ দশমিক ৮৪ পয়েন্ট হয়েছে। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৯ দশমিক ৪৬ পয়েন্ট বা এক দশমিক ৮৩ শতাংশ বেড়ে হয়েছে ২১৯৫ দশমিক ৯০ পয়েন্ট। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫৮ কোটি টাকার এক কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৬০১টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত ছিল ৮টির দাম। বাজার সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগের বিকল্প কম থাকায় শেয়ার বাজারে অর্থের প্রবাহ বেড়েছে। ঋণ চাহিদা কম থাকায় ব্যাংকগুলোও শেয়ার বাজারে বিনিয়োগ করছে। এছাড়া সরকার সঞ্চয়পত্রের আয়ের ওপর কর আরোপ করায় যারা আগে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতেন তাদের অনেকেই এখন শেয়ার বাজারে আসছেন। আর্থিক প্রতিষ্ঠান এইমস ফার্স্টের প্রধান ইয়াওয়ার সাইদ বলেন, ব্যাংকিং খাতের কারণেই মূলত বাজারের এই ঊর্ধ্বগতি। অনেকে চিন্তা ভাবনা না করেই বিনিয়োগ করেছেন বলে মনে হচ্ছে আমার। এ ব্যাপারে আমি শঙ্কিত। এটা ভালো লক্ষণ নয়। মঙ্গলবার লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৬ দশমিক ৭৮ শতাংশ বেড়ে রেকর্ড ১৫৩৩ টাকা ৫০ পয়সা হয়েছে। বাংলাদেশের ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণ রেটিং সংস্থা চালুর ব্যাপারে দুবাই ভিত্তিক ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট সাউথ এশিয়া মিডল ইস্ট লিমিটেড (ডিঅ্যান্ডবি-এসএএমই) এর সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি করার ঘোষণায় ব্যাংকটির শেয়ারের দাম বেড়ে যায়। দাম বেড়েছে সামিট পাওয়ারেরও। তাদের শেয়ারের দাম ৯ দশমিক ২০ শতাংশ বেড়ে হয়েছে ১৬৭৮ টাকা ৫০ পয়সা। ডেসকোর শেয়ার সাড়ে সাত শতাংশ বেড়ে ১৩৬৮ টাকায় পৌঁছেছে। লভ্যাংশ তুলে নেওয়ায় বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম কমেছে। ব্যাংকিং খাতের অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম ৭ দশমিক ১৩ শতাংশ বেড়ে ৯৬৮ টাকা ৫০ পয়সা হয়েছে। প্রাইম ব্যাংক ও ইউসিবিএল এর শেয়ারের দামও বেড়েছে। তবে লভ্যাংশ তুলে নেওয়ায় এবি ব্যাংকের শেয়ারের দাম কমেছে। একই কারণে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দামও কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ছিল ঊর্ধ্বমুখী। সিএসইতে ৩১ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার ৩৬ লাখ ২২ হাজার ৮৮১টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩৩টির কমেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/২০২৪ ঘ.