ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য কম সুদে ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে ব্যাংকগুলো।
সোমবার বিকেলে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীরা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশ্বাসের কথা জানান।
এ সময় বিজিএমইএ সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ''গত কয়েক মাসে পোশাক শিল্পের রপ্তানি অর্ডার অনেক কমে গেছে। এ কারণে বেশ কিছু কারখানার মালিক ব্যাংক ঋণের ব্যবস্থা ছাড়া ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারবেন না বলে বিজিএমইএকে জানিয়েছিলেন। এ বিষয়টি নিয়েই আমরা সব ব্যাংকের প্রধান নির্বাহীকে নিয়ে জরুরি বৈঠকে বসেছিলাম।"
বিজিএমইএ সভাপতি জানান, বৈঠকে তারা যে সব কারখানার অবস্থা খারাপ সেগুলোকে ঈদের আগেই সাত শতাংশ সুদে ঋণ দেওয়ার জন্য ব্যাংকারদের অনুরোধ জানিয়েছিলেন। ব্যাংকাররা এ ঋণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বলে আনোয়ার পারভেজ জানান।
বিজিএমইএ সভাপতি আশা প্রকাশ করে বলেন, ব্যাংকগুলো ঋণের ব্যবস্থা করলে গার্মেন্টস শিল্পে ঈদের আগে যে শ্রমিক অসন্তোষের আশংকা করা হচ্ছিল তা আর হবে না।
বেসরকারি ব্যাংকের নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সহ-সভাপতি স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন বলেন, ''বেসরকারি ব্যাংকগুলোর অর্থায়নেই দেশে গার্মেন্টস শিল্পের বিকাশ ঘটেছে। আমরা চাই না কোনো কারখানা বন্ধ হয়ে যাক। প্রতিষ্ঠানগুলোর অল্প সুদে ঋণের অনুরোধের ব্যাপারে আমরা ইতিবাচক সাড়া দিয়েছি। ব্যাংকগুলো জরুরি বোর্ড সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।''
সাত শতাংশ সুদে ঋণ দেওয়া হবে কিনা-এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে এবিবি সহ-সভাপতি বলেন, "এটা বোর্ডের বিষয়। তবে বিষয়টি আমরা অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবো।"
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান ভূঁইয়া বলেন, ''বৈঠকে গার্মেন্টস মালিকরা দুই ঈদে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার জন্য ব্যাংকগুলোর কাছে ঋণ চেয়েছেন। আমরা জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে ইতিবাচক সাড়া দিয়েছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০১২ ঘ.
bdnews24