ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিদেশি ঋণ বা সাহায্য নেওয়ার ক্ষেত্রে জাতীয় সংসদে আলোচনা হওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন দেশের রাজনীতিবিদরা। একইসঙ্গে তারা স্বীকার করেছেন, মুষ্টিমেয় কিছু লোকের কারণে শত কোটি টাকার বিদেশি সাহায্য লোপাট হয়ে গেলেও সারাদেশের মানুষকে এর দায় বহন করতে হয়।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইক্যুয়িটি অ্যান্ড ওয়ার্কিং গ্র"প আয়োজিত 'বিদেশি সাহায্যের ক্ষেত্রে বাংলাদেশের জবাবদিহিতা ও দায়বদ্ধতা' শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, বিদেশ থেকে যে ঋণ আর সাহায্য আমরা পাই তা দেশের জনগণের কল্যাণে ব্যয় করা হয় না। ঋণ নেওয়ার প্রক্রিয়া ও এর ব্যবহারের সঙ্গেও জনগণের তেমন কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, "বিদেশি সাহায্য নেওয়ার আগে এ বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত।"
ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "বিভিন্ন সরকারের সময় যেসব বিদেশি সাহায্য এসেছে বা যেসব ঋণ নেওয়া হয়েছে সেগুলোর হিসাব নিরীক্ষা করা দরকার।"
তিনি আরো বলেন, "যেহেতু বিদেশি ঋণের টাকা জনগণের কোনো কাজে আসছে না সেহেতু ওই টাকা পরিশোধ করাও সরকারের উচিৎ না।"
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলির সদস্য ও সাবেক সাংসদ জি এম কাদের একটি জরিপের উদ্ধৃতি দিয়ে বলেন, ৭৫ শতাংশ বিদেশি সাহায্যের ক্ষেত্রেই দুর্নীতি হয়।
জি এম কাদেরও মনে করেন, স্বচ্ছতা নিশ্চিত করার স্বার্থে বিদেশি সাহায্য ও ঋণ নেওয়ার আগে সংসদে আলোচনা হওয়া উচিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমএআর/জেকে/এমএ/১৭৫৪ ঘ.
bdnews24