ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যাংকিং খাতের শেয়ার লেনদেনের ওপর ভর করে মাঝ বেলাতেই ঢাকার পুঁজিবাজার মূলসূচকে রেকর্ড গড়েছে। বিশেষ করে এবি ব্যাংক তাদের শেয়ারের ক্ষেত্রে যে বিনিয়োগ করেছিল তা থেকে মুনাফা তুলে নেওয়ার গুজবে বাজারে ব্যাংকটির শেয়ার লেনদেন বেড়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাজার বিশ্লেষক জানান, এবি ব্যাংক শেয়ারের ক্ষেত্রে যে বিনিয়োগ করেছে ,বর্তমানে তা থেকে তারা মুনাফা উঠিয়ে নিচ্ছে বলে একটি গুজব ছড়িয়েছে। বাজারে এর প্রভাব পড়েছে।"
বেলা ১১টা ৩৬ মিনিটে শেয়ার লেনদেনের দিক দিয়ে শীর্ষে ছিল এবি ব্যাংক। এর শেয়ার দাম ২ হাজার ৮১৬ টাকা ৭৫পয়সা থেকে বেড়ে ২৯৫০ টাকা হয়েছে। এ ছাড়া মিউচ্যুয়াল ফান্ড এবং ফার্মাসিউটিক্যালস খাতের শেয়ারের দামও বেড়েছে।
বেলা ১১টা ৫১ মিনিটে সাধারণ মূল্যসূচক বা ডিজিইএন ২ অক্টোবরের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে। গত ২ অক্টোবর সাধারণ মূল্যসূচক ২ হাজার ৬৪৭ দশমিক ৫১ পয়েন্ট হয়। বৃহস্পতিবার সূচক ৩৩ দশমিক ৯৪ পয়েন্ট বা এক দশমিক ২৪ শতাংশ বেড়ে ২ হাজার ৬৭৫ দশমিক ৬৬ পয়েন্ট হয়েছে।
অন্যদিকে, সার্বিক মূল্যসূচক ৩০ দশমিক ৭৬ পয়েন্ট বা এক দশমিক ৪০ শতাংশ বেড়ে ২ হাজার ২০০ পয়েন্টের লেভেল অতিক্রম করে ২ হাজার ২১৯ দশমিক ১৬ পয়েন্ট হয়েছে।
দিনের মধ্যভাগ পর্যন্ত লেনদেনকৃত কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৪০টির এবং ১১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। এ সময় পর্যন্ত ৯৪ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকা সমমূল্যের ৮৫ লাখ ৫৩ হাজার ৪৭টি শেয়ার লেনদেন হয়েছে।
এবি ব্যাংকের শেয়ারের পরের অবস্থানেই ছিল ট্রাস্ট ব্যাংকের শেয়ার। আগের দিন এ ব্যাংকের শেয়ারের দাম কমে ৮২২ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৮২৮ টাকা হয়েছে।
এদিকে, ইউসিবিএল এর শেয়ারের দাম ৪ হাজার ৫৯৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪ হাজার ৭২৩ টাকা হয়েছে। চাহিদার কারণে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দামও ১ হাজার ২৯৮ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ১ হাজার ৩২২ টাকা হয়েছে।
মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সামিট পাওয়ারের শেয়ারের দাম ১ হাজার ৪৪৬টাকা ২৫পয়সা থেকে কমে ১ হাজার ৪২৩ টাকা ২৫পয়সায় লেনদেন হচ্ছে।
এআইএমএস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দামও বেড়ে নতুন রেকর্ড গড়েছে। দিনের মধ্যভাগ পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানির মধ্যে এনসিসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক ও স্কয়ার ফার্মার শেয়ারের দাম বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এফএফ/এএল/এমএ/১৫১৮ঘ.
bdnews24