ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় আদালতের রায়ে বাজেয়াপ্ত হওয়া সম্পদ থেকে পাওনা কর কেটে রাখার উপায় খুঁজছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়েছে প্রতিষ্ঠানটি।
এছাড়া, মামলা না করে সমঝোতার ভিত্তিতে করদাতাদের কাছ থেকে আয়কর আদায়ের ওপরও গুরুত্ব দিচ্ছে এনবিআর। বুধবার দুপুরে এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে বৈঠকও করেছেন।
সেগুনবাগিচার কমিশন কার্যালয়ে ওই বৈঠক শেষে বদিউর রহমান সাংবাদিকদের বলেন, "এনবিআর আদালতের যাওয়ার আগেই বিষয়টি নিয়ে সমঝোতা চায়। কর ফাঁকির মামলাগুলো করা হয়েছে মানুষের কাছে বার্তা পৌঁছানোর জন্য। মোটামুটি যথেষ্ট বার্তা তারা এরই মধ্যে পেয়ে গেছেন।"
তিনি বলেন, "অর্থনৈতিক গতিধারাকে ব্যহত করবে এমন কোনো কার্যক্রমে যেতে চায় না এনবিআর। তবে তার মানে এই নয় যে, এনবিআর এর সব কাজ বন্ধ থাকবে। এনবিআর দুই দিকে সমন্বয়ের মাধ্যমে করদাতাদের সম্মান রেখে কর আদায়ের ব্যবস্থা করবে।"
বৈঠকের আগে সাজাপ্রাপ্তদের বাজেয়াপ্ত সম্পদ থেকে কর কেটে রাখার বিষয়ে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা কর ফাঁকি দেন তাদের কাছ থেকে রাজস্ব আদায়ের জন্যই মামলা করা হয়। আমরা চাই, সাজাপ্রাপ্তরা যে কর ফাঁকি দিয়েছে তা সরকারের কোষাগারে জমা হোক। আয়কর অধ্যাদেশের আওতায় কীভাবে এই কর আদায় করা যায় আমরা তা খতিয়ে দেখছি।''
গত ২৮ সেপ্টেম্বর এনবিআর এর আয়কর অনু বিভাগের সদস্য আলী আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ''আমাদের প্রধান উদ্দেশ্য সরকারের রাজস্ব আদায় বাড়ানো। এ কারণে বাজেয়াপ্ত সম্পদ থেকে রাজস্ব আদায় হওয়া উচিত বলে আমি মনে করি।''
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এনবিআর এর আরেক কর্মকর্তা বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এনবিআর থেকে চিঠির মাধ্যমে কর কেটে রাখার উপায় খোঁজার বিষয়টি অর্থমন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে কী ধরনের প্রস্তাব পাওয়া যায় তার ওপর ভিত্তি করে এনবিআর পরবর্তী পদক্ষেপ নেবে।
এনবিআরে দাখিল করা বার্ষিক আয়কর রিটার্নে সম্পদ গোপন করায় বেশ কয়েকজন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর বিরুদ্ধে কর ফাঁকির মামলা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলার রায়ে সংশ্লিষ্টদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। বর্তমান সরকারে সময়ে এ পর্যন্ত বিভিন্ন রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় প্রায় ৫১ কোটি ২৪ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
ওই এনবিআর কর্মকর্তা জানান, আয়কর ফাঁকির মামলা করা হলেও আয়কর অধ্যাদেশে সম্পদ বাজেয়াপ্ত করার সুযোগ নেই। তবে জরিমানার বিধান রয়েছে। কর ফাঁকির মামলাগুলোতে আদালত জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। মামলাগুলোর রায়ে বিবাদী পক্ষের সব সম্পদ বাজেয়াপ্ত করায় কীভাবে এ সম্পদ থেকে কর আদায় করা হবে সে বিষয়ে অর্থমন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হয়েছে।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর সন্দেহভাজন দুর্নীতিবাজ ও কর ফাঁকিবাজদের বিরুদ্ধে অভিযানে নামে। এ পর্যন্ত ৩৯ জনের বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলা করার অনুমোদন দিয়েছে এনবিআর। তাদের মধ্যে ৩৪ জনের বিরুদ্ধে মামলাও হয়েছে।
এনবিআর এর দায়ের করা মামলাগুলোর মধ্যে বসুন্ধরা গ্র"পের কর্ণধার আহমেদ আকবর সোবহান (শাহ আলম) ও তার পরিবারের সদস্যদের ২২ কোটি ৫ লাখ টাকার সম্পদ, বিএনপির সাবেক সাংসদ আলী আসগর লবীর ১৭ কোটি ২৩ লাখ টাকার সম্পদ, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার ৬ কোটি ৩২ লাখ টাকা, শাহজাহান সিরাজ ও তার পরিবারের সদস্যদের ৩৭ লাখ ৭৮ হাজার টাকার সম্পদ ও মির্জা খোকনের ১৩ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফেঅর ডটকম/এআরএইচ/এমআইএম/এসএনডি/জেকে/এমএইচবি/২০৩১ ঘ.
bdnews24