ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংক, মিউচুয়াল ফান্ড ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের বিক্রি বাড়ায় মঙ্গলবার ঢাকার শেয়ার বাজারে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। লেনদেনের নেতৃত্বে ছিল ট্রাস্ট ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহ উদ্দীন আহমেদ খান বলেন, "গত দিনের ধারাবাহিকতায় আজও সূচক বেড়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কেনার ঝোঁক বাড়ায় লেনদেন বেড়েছে।"
দিনের শুরুতেই বাজার চাঙা হয়ে ওঠে। মধ্যভাগে কিছুটা ঝিমিয়ে পড়লেও চাঙ্গাভাব ধরে রেখেই দিন শেষ করেছে পুঁজি বাজার। গত সপ্তাহের মন্দা কাটিয়ে টানা তৃতীয় দিনের মতো বাজারে ভালো লেনদেন হয়েছে।
তথ্য প্রযুক্তি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বাড়লেও বিদ্যুৎ, ওষুধ ও সিমেন্ট খাতের অবস্থা ছিল মিশ্র।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২০ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ বেড়ে রেকর্ড ২৬৪৭ দশমিক ৫১ পয়েন্ট হয়। আগেরদিন ডিজিইএন সূচক ২৬২৭ পয়েন্ট ছিল।
এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৩ দশমিক ২৮ পয়েন্ট বা এক দশমিক ০৭ শতাংশ বেড়ে হয়েছে ২১৯১ দশমিক ৭২ পয়েন্ট।
ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১১ দশমিক ০৪ পয়েন্ট বা দশমিক ৫৪ শতাংশ বেড়ে ২০৩২ দশমিক ২৯ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০৯ কোটি টাকার ২ কোটি ২৬ লাখ ১০ হাজার ৩৪০টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দাম।
ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম ৭ দশমিক ৬৫ শতাংশ বেড়ে হয়েছে ৯১৪ টাকা ২৫ পয়সা। ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ জানায় ২০০৭ এর জুন পর্যন্ত প্রথম ছয় মাসে শেয়ার পিছু ১৭ টাকা ৬০ পয়সা করে আয় করেছে তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যমতে, প্রতিষ্ঠানটির রিজার্ভের পরিমাণ ৪৫ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকা। আগের দিন ১০০ টাকা অভিহিত মূল্য ও ৫০ টাকা প্রিমিয়ামসহ বাজারে শেয়ার ছাড়ে প্রতিষ্ঠানটি।
শেয়ার বাজার বিশেষজ্ঞ মইন আল কাশেম বলেন, "একটি মন্দা অবস্থা পার করার পর ট্রাস্ট ব্যাংক পুঁজিবাজারে প্রাণ ফিরিয়ে এনেছে।"
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক বলেন, "বাজারে অতিরিক্ত অর্থের যোগান রয়েছে। আর এই অর্থ কাজে লাগাতে শেয়ারের সরবরাহ বাড়ানো দরকার।"
এবি ব্যাংকের শেয়ারের দাম ৬ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ২৬৩০ টাকা ৭৫ পয়সা হয়। এটাই এবি ব্যাংকের শেয়ারের সর্বোচ্চ দাম। প্রতিষ্ঠানটি ২০০৭ এর প্রথম ছয় মাসে শেয়ার পিছু ১৩৪ টাকা ১৩ পয়সা আয় করার কথা জানিয়েছে।
এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ১১ দশমিক ০৬ শতাংশ বেড়ে ৮ টাকা ৭৩ পয়সায় পৌঁছায়। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৯০ শতাংশ বেড়ে ১৩০৯ টাকা হয়েছে।
সামিট পাওয়ারের শেয়ার এক দশমিক ১৩ শতাংশ কমে ১৪৪০ টাকা ৫০ পয়সা হয়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ২৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকার ৩৭ লাখ ৮৬ হাজার শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৭৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩৫টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএ/১৯০৫ ঘ.
bdnews24