২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম ৭ গুণ বাড়ায় সূচকে রেকর্ড

বিনিয়োগকারীরা শেয়ার কেনায় হুমড়ি খেয়ে পড়ায় বাজারে প্রবেশের প্রথম দিনেই ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম সাতগুণ বেড়েছে। এর ফলে ঢাকার শেয়ার বাজারে সাধারণ শেয়ার সূচক বা ডিজিইএন রেকর্ড পয়েন্ট স্পর্শ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2007, 02:17 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীরা শেয়ার কেনায় হুমড়ি খেয়ে পড়ায় বাজারে প্রবেশের প্রথম দিনেই ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম সাতগুণ বেড়েছে। এর ফলে ঢাকার শেয়ার বাজারে সাধারণ শেয়ার সূচক বা ডিজিইএন রেকর্ড পয়েন্ট স্পর্শ করেছে। ট্রাস্ট ব্যাংকের ১৫০ টাকার শেয়ারের দাম বেড়ে হয়েছে ৮৪৯ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ছিল ১০০ টাকা। ৫০ টাকার প্রিমিয়ামসহ সেটি ১৫০ টাকায় বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি। বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিভিন্ন জল্পনার কারণে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম এতখানি বেড়েছে। যদিও প্রতিষ্ঠানের প্রাথমিক তথ্যের সঙ্গে শেয়ারের দাম এতখানি বাড়া সামঞ্জস্যপূর্ণ নয়। ব্যাংক, সিমেন্ট ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের দামও বেড়েছে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৭৮ দশমিক ৮৪ পয়েন্ট বা ৩ দশমিক ০৯ শতাংশ বেড়ে রেকর্ড ২৬২৭ পয়েন্ট হয়। এর আগে ১০ সেপ্টেম্বর ডিজিইএন সূচক সর্বোচ্চ অবস্থানে ছিল। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫৯ দশমিক ৯৫ পয়েন্ট বা ২ দশমিক ৮৪ শতাংশ বেড়ে হয়েছে ২১৬৮ দশমিক ৪৪ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৮ দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ৯৩ শতাংশ বেড়ে ২০২১ দশমিক ২৫ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩৩ কোটি টাকার এক কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ৭৪৪টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম। আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি-র সহযোগী প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের বাজার বিশ্লেষক আরিফ খান বলেন, "প্রতিটি শেয়ারের বিপরীতে আয়ের বিবেচনায় বলা যায় ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম অতিরিক্ত বেড়েছে। কিছু জল্পনা ও ভবিষ্যতে ভালো আয়ের প্রত্যাশা প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।" ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ জানায় ২০০৭ এর জুন পর্যন্ত প্রথম ছয় মাসে শেয়ার পিছু ১৭ টাকা ৬০ পয়সা করে আয় করেছে তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যমতে, প্রতিষ্ঠানটির রিজার্ভের পরিমাণ ৪৫ কোটি ৪২ লাখ ৬০ হাজার টাকা। অর্থ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান 'এইমস বাংলাদেশের' প্রধান ইয়াওয়ের সাইদ বলেন, "বাজারের অবস্থা ভালো... তবে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম বাড়াটা স্বাভাবিক নয়। প্রতিষ্ঠানের প্রদেয় তথ্যবলির সঙ্গে শেয়ারের দাম সঙ্গতিপূর্ণ নয়।" এ ধরনের দাম বাড়া প্রাইমারি শেয়ার মার্কেটে শেয়ারের মূল্য বিভ্রাটকে ইংগিত করে বলে জানান তিনি। তিনি বলেন, "আমাদের প্রাইমারি শেয়ারের বাজারে শেয়ারের মূল্য ব্যবস্থাপনার অভাব রয়েছে। এ কারণে শেয়ারের দাম নির্ধারণে বেশ বিভ্রাট ঘটে থাকে। এ ধরনের নির্দিষ্ট দাম নির্ধারণী পদ্ধতির কারণে উদ্যোক্তরা তাদের ইস্যু করা শেয়ারের প্রকৃত দাম পায় না। এ ব্যাপারে আমাদের উচিত বুক বিল্ডিং পদ্ধতি অনুসরণ করা।" ব্র্যাক ব্যংকের শেয়ারের দাম এক দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১২৯৭ টাকা ২৫ পয়সা হয়। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম এক দশমিক ৯৪ শতাংশ বেড়ে দিন শেষে ৭ টাকা ৮৬ পয়সা হয়। পাওয়ার গ্রিড কোম্পানির নেতৃত্বে বিদ্যুৎ খাতের শেয়ারের দাম বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ২৯ কোটি ৩৪ লাখ ৫৬ হাজার টাকার ১৫ লাখ ৯৪ হাজার ৯০৩টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩০টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএইচবি/২০০৬ ঘ.