২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিসির বকেয়া রেখে বিদেশ থেকে বিমানের তেল কেনার উদ্যোগ

দেশি কোম্পানির কাছে দেড় হাজার কোটি টাকার বকেয়া শোধ না করেই বিদেশ থেকে তেল কেনার উদ্যোগ নিয়েছে বিমান। বিদেশ থেকে জ্বালানি তেল কেনার এটিই বিমানের প্রথম উদ্যোগ। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে বিমানের বকেয়া দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৫৬৪ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

এক বছরের চুক্তিতে বিমান কর্তৃপক্ষ হংকং বিমানবন্দর থেকে নগদে ১৬ লাখ গ্যালন এবং ম্যানচেস্টার বিমানবন্দর থেকে আরো ৭০ লাখ গ্যালন জেট ফুয়েল কেনার আগ্রহ জানিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক দরপত্র ডেকেছে। বিমানের এই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার বিষয়টি প্রকাশ্য হলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিমান কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ সাংবাদিকদের কাছে মুখ খুলতে রাজি হচ্ছে না

বিমানের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউনুস আলীর স্বাক্ষরিত দরপত্র দুটি ইন্টারনেটেও প্রচার করা হয়েছে। ১৭ জানুয়ারি ছিল দরপত্র দুটি জমা দেওয়ার শেষ সময়। বিমান কর্তৃপক্ষ আগ্রহী দরদাতা সংস্থাগুলোকে আগামীকাল ৩১ জানুয়ারির মধ্যে ঢাকায় এসে চূড়ান্ত সমঝোতা করার অনুরোধ করেছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বিমানের পরিচালক (বিক্রয় ও বিপনন) এ এম মোসাদ্দেক আহমেদ মঙ্গলবার নফহবংি২৪.পড়স কে জানান, আন্তর্জাতিক বাজার থেকে তেল কেনা সম্পর্কে তিনি কিছু জানেন না।

তবে নাম প্রকাশ না করার শর্তে বিমানের একজন কর্মকর্তা বলেন, “বিপিসি আন্তর্জাতিক দামে বিদেশ থেকে তেল কিনে আমদানি করসহ বিমানের কাছে বিক্রি করে। এতে বিমান কর্তৃপক্ষকে চড়া দামে তেল কিনতে হয়। কিন্তু বিমান সরাসরি বিদেশ থেকে  তেল  কিনলে বাড়তি আমদানি কর দিতে হবে না। আন্তর্জাতিক বাজার মূল্যেই তা কিনতে পারবে। তা ছাড়া বিদেশ থেকে বিমান বাকিতেও তেল কেনার সুযোগ পাচ্ছে।”

তিনি আরও বলেন, “বিপিসির কাছ থেকে তেল নেওয়ার জন্য বিমানকে কখনোই ভর্তূকি দেওয়া হয় না। এই প্রেক্ষাপটে লোকসানি প্রতিষ্ঠান বিমানের জন্য এখন বিদেশ থেকেই তেল সংগ্রহ করা অনেক সাশ্রয়ি।”

বিপিসি সূত্রে জানা গেছে, বিপিসি প্রতিবছর প্রায় আড়াই লাখ গ্যালন জ্বালানি তেল আমদানি করে; এর প্রধান ক্রেতা বাংলাদেশ বিমান।

এছাড়া ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্যান্য বিদেশি এয়ারলাইন্সগুলো বিপিসির কাছ থেকে নগদে জ্বালানি তেল কেনে।

নিয়মিত বিল পরিশোধ না করায় গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বিপিসির কাছে বিমানের বকেয়ার পরিমান দাঁড়িয়েছে প্রায় ১,৫৬৪ কোটি টাকা। 

বকেয়া শোধ না করায় বিপিসির পক্ষ থেকে এর আগে একাধিকবার বিমানকে তেল সরবারহ বন্ধ করার হুমকি দেওয়া হয়েছে। পরে দু’পক্ষের সমঝোতারভিত্তিতে বিমান আবার বাকিতে বিপিসির কাছ থেকেই তেল সংগ্রহ করছে।

জ্বালানি সচিব এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি সাংবাদিকদের কাছে বলেছেন, “হজ ফ্লাইট শেষ হওয়ার পর আমরা বিমানকে তেল সরবরাহ করা বন্ধ করে দেওয়ার চিন্তা -- ভাবনা করছি।”

আগামী ৬ ফেব্র“য়ারি শেষ হচ্ছে বিমানের ফিরতি হজ ফ্লাইট। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, জ্বালানি সচিবের সর্বশেষ ওই হুমকির পরিপ্রেক্ষিতে বিপিসি যে কোনো সময় বিমানকে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে।

প্রসঙ্গত, জাতীয় পতাকাবাহী বিমান পাঁচটি ডিসি -- ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ -- ২৮ উড়োজাহাজ দিয়ে ২২টি আন্তর্জাতিক ও ৬টি অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রী পরিবহন করছে।