এ মাসেই বাংলাদেশের ব্যাপারে অবস্থান জানাবে ইউরোপীয় ইউনিয়ন
সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার আনুষ্ঠানিকভাবে কী ধরনের সহযোগিতা চাইবে তার ওপর ভিত্তি করেই সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করবে ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় কমিশনের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান হেলেন ক্যাম্পবেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর ক্যাম্পবেল এ মন্তব্য করেন।
এফবিসিসিআইর কার্যালয়ে দুপুরে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের ক্যাম্পবেল আরো বলেন, “আমরা সবার সঙ্গে আলোচনা করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করার চেষ্টা করছি। সার্বিক পরিস্থিতি বিশ্লেষনের পর আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান তুলে ধরব।”
তিনি বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ করে নির্বাচন নিয়ে তাদের মনোভাব বুঝতে চেষ্টা করেছি।”
এ মাসেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে ইউরোপীয় কমিশন তাদের অবস্থান ঠিক করবে বলে তিনি ইঙ্গিত দেন। সাংবাদিকরা জানতে চাইলেও ক্যাম্পবেল দেশে জরুরি অবস্থা ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে কোন মন্তব্য করেননি।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, বর্তমান সরকার বিশেষ প্রেক্ষাপটে ক্ষমতা গ্রহন করেছে। সরকার তাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এরইমধ্যে আলোচনা শুরু করেছে এবং এ ব্যাপারে সিদ্ধান্তের বিষয় রয়েছে। তিনি জানান সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে ইউরোপীয় কমিশনের দলটির সঙ্গে তাদের খোলামেলা আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু সহযোগিতার প্রস্তাব দিলেও ওই সরকার তাতে সাড়া দেয়নি।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসি রাষ্ট্রদূত প্রধান স্টিফেন ফ্রোয়েন ও ফার্স্ট সেক্রেটারি চার্লস হুইটলি।
