ঘুষ না দিতে ব্যবসায়ীদের প্রতি শিল্প উপদেষ্টা আহবান
শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী বুধবার ব্যবসায়ীদের প্রতি ঘুষ দেওয়া বন্ধ করার আহবান জানিয়েছেন।
ব্যবসায়ীদের উদ্দেশ্য তিনি বলেন, এই মুহূর্ত থেকে আর কোনো ব্যবসায়ী যেন তাদের লেনদেন বা কাজের জন্য প্রশাসনের কোন ব্যক্তিকে আর কোন ধরনের ঘুষ না দেয়।
মীর নাসির হোসেনের নেতৃত্বে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং হোসেন খালেদের নেতৃত্বে ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর দুটি প্রতিনিধি দল বুধবার শিল্প উপদেষ্টা গীতিআরার সঙ্গে তার মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহবান জানান।
গীতিআরা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত কোন ব্যক্তি ঘুষ নেওয়ার চেষ্টা করলে তার সম্পর্কে সরকারের কাছে অভিযোগ করতে হবে। প্রশাসনের কোন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠলে তার গোপনীয়তা রক্ষা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
উপদেষ্টা বলেন, ঘুষ দেওয়া ও নেওয়া দুটোই নৈতিক দৃষ্টিকোণ থেকে অপরাধ। তবে তিনি স্বীকার করেন, সরকারের ক্রয় প্রক্রিয়ায় কিছু সমস্যা থাকায় দুর্নীতির সুযোগ রয়েছে।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বলেন, সরকারের আকার ও নিয়ন্ত্রণ হ্রাস করা হলেই দুর্নীতি হ্রাস পাবে।
তিনি বলেন, ঘুষ দেওয়ার প্রক্রিয়াটিতে ত্রিপক্ষীয় লেনদেন হয়। কাজেই দলিলে স্বাক্ষর দেওয়া না কমালে ঘুষ বা আমলাতান্ত্রিক জটিলতা কোনোটাই কমবে না, সময়ও নষ্ট হবে।
ব্যবসায়ীদের পক্ষ থেকে এফবিসিসিআই শিল্প উপদেষ্টার কাছে সাপ্তাহিক ছুটি পরির্বতন দাবি বলেন, বিশ্বায়নের প্রেক্ষাপটে রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করার জন্য রোববার ছুটি রাখা প্রয়োজন। তবে শুক্রবার জুম্মার নামাজের জন্য দুই ঘন্টা ছুটিরও প্রস্তাব করেন তারা।
এ ছাড়া শিল্প বিকাশে বাধা অপসারণ ও সহযোগিতা বৃদ্ধির প্রেক্ষাপটে অর্থ, বাণিজ্য, পরিবেশ এবং শিল্প মন্ত্রণালয়সহ চার মন্ত্রণালয় এবং ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে শিল্প উন্নয়ন কাউন্সিল গঠনের প্রস্তাব করে এফবিসিসিআই।
এ প্রস্তাবে শিল্প উপদেষ্টা সম্মতিও প্রকাশ করেন।
ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) সহযোগিতার জন্য এসএমই সেল ও এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম সঠিকভাবে ও অব্যাহত গতিতে পরিচালিত হওয়া প্রয়োজন।
