২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ুর পরিবর্তন, উন্নয়নশীল এশিয়া আর ইন্টারনেট বিপ্লব নিয়েই মেতে উঠছে ডাভোস সম্মেলন

বদলে যাওয়া জলবায়ু, এশিয়ার উঠে আসা আর ইন্টারনেট বিপ্লবই এবারের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চায়ের কাপগুলো গরম রাখবে। বুধবার থেকে সুইজারল্যান্ডের ডাভোসে শুরু হওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ আলোচ্যসূচিতেই এ বিষয়গুলোই প্রাধান্য করছে। ৯০টি দেশের ২ হাজার ৪০০ জন অংশগ্রহণকারীকে নিয়ে সুইস আল্পসের মনোরম এক উপত্যকায় শুরু হয়েছে ৫ দিনের এই বিশেষ আয়োজন। খবর বার্তাসংস্থাগুলোর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 07:09 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

বিশেষ এ আয়োজনে অংশ নেওয়া নেতৃস্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং পরিবেশ আন্দোলনের প্রতিনিধিদের মধ্যে আছেন বিল গেটস, ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও রক তারকা বোনো। ৩০টিরও বেশি দেশের বাণিজ্যমন্ত্রীরা বৈঠক করবেন স্থগিত হয়ে যাওয়া বিশ্ব বাণিজ্য আলোচনায় প্রান সঞ্চার করতে।

ফোরামের প্রতিষ্ঠাতা প্রফেসর ক্লস সোয়াব জানাচ্ছেন ভূ-রাজনৈতিক পরিবর্তনে বিশ্ব যে ’ক্রমশ পাগলপারা’, তা নিয়েই আলোচনায় মাতবেন অংশগ্রহণকারীরা। এবারের আনুষ্ঠানিক ‘থিম’ হিসেবে রাখা হয়েছে ‘দ্য শিফটিং পাওয়ার ইকুয়েশন’ কথাটিকে। যার অর্থ অনেকটা দাঁড়ায় ক্ষমতার কীভাবে বিকেন্দ্রীকরণ হচ্ছে ধীরে ধীরে তার সমীকরণটা খুঁজে পেতে বিশ্লেষণ করা। ব্যাপারটা যে আমাদের নিত্য জীবনের সঙ্গী হয়েছে গেছে--ফোরামের মূল আলোচ্যও সেটাকেই মেনে নিয়ে প্রতিষ্ঠা।

বিশ্বায়নের সুবাদে ব্যাপক এক রদবদল ঘটে গেছে বিশ্ব অর্থনীতিতে। সন্ত্রাস, যুদ্ধ, তেল নিয়ে রাজনীতি এবং এশিয়ার উত্থান ভূ-রাজনীতির অংকটাই পাল্টে দিয়েছে। প্রযুক্ত বিশেষ করে ইন্টারনেট বদলে দিচ্ছে বিশ্বের প্রতিটি কোণের সমাজ ব্যবস্থা। এই আন্তর্জালেই ব্যবসায়ীরা কিভাবে করে খেতে পারে সেটাও বের করতে হবে। আলোচনা করেই তা বের করবেন অংশগ্রহণকারীরা।

বৈশ্বিক উষ্ণতা কি চরম পর্যায়ে গেছে তা দিব্যচোখেই দেখতে পাবেন ডাভোসের অতিথিরা। অতীত বলছে এ সময়টায় উপত্যকা ঘন তুষারে ঢাকা পড়ার কথা, যার গভীরতা গড়পড়তা মিটার খানেক। কিন্তু গত মঙ্গলবার পর্যন্ত সবুজ ঘাসেই ঢাকা ছিল চারপাশ। তবে এই হতাশাকে ছাপিয়েই বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনায় সরগরম থাকবে অনুষ্ঠানমালা। আর এতে নিশ্চিতভাবেই প্রাধান্য পাবে ইরাক যুদ্ধ এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। যুগপৎ ইউরোপীয় ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর জোট জিএইটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। আন্তর্জাতিক রাজনীতির সূত্রধরও হতে যাচ্ছেন তিনি।

অনুষ্ঠানের একটা বড় সময় বড় বড় শিল্পমালিক ও ব্যবসায়ীদের সম্মেলনেই কাটবে। বিশ্বের সবচেয়ে বড় ১০০টি কোম্পানির ৭০টিরও বেশির কর্ণধাররা অংশ নেবেন এতে। যাদের সঙ্গে সঙ্গতকারণেই সঙ্গী হবেন প্রযুক্তির নানা খাতের অগ্রদূত, বিনিয়োগকারী এবং গ্রিনপিস, অক্সফ্যাম ও ইসলামিক রিলিফের মতো পরিবেশ আন্দোলনকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা। তবে তারকার দীপ্তি এবারের আসরে একটু কমই। গত দু বছরে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলনে অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট, মাইকেল ডগলাস ও শ্যারন স্টোনের মতো সুপারস্টাররা যথেষ্টই নজর কাড়লেও এবার সবেধন নীলমণি হয়ে আছেন সুপার মডেল ক্লদিয়া শিফার ও ইউ-টু গ্র“পের ভোকাল বোনো।

অবশ্য আয়োজকরা এবার ভিন্নমাত্রা আনছেন অনুষ্ঠানটি সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার মাধ্যমে। অংশগ্রহণকারীরা যেন ব্লগিং করে তাৎক্ষণিক অনুভূতি জানান তা নিয়ে উৎসাহ দিচ্ছে আয়োজকরা। পাশাপাশি বিশ্বব্যাপী সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ব নেতাদের সঙ্গে ওয়েবক্যামের মাধ্যমে প্রশ্নোত্তর অনুষ্ঠানে অংশ নিতে।

অবশ্য ওইটুকুর বাইরে আয়োজনটি যথারীতি নাগালের বাইরে থাকছে সাধারণের। নিরাপত্তা ব্যবস্থা কঠোর। সুইস বিমান বাহিনী আকাশসীমায়  বিমান নিষিদ্ধ করেছে ‘নো ফ্লাই জোন’ ঘোষণায়। তারপরও এর বিরুদ্ধবাদ চলছে। এরমধ্যে বেশ কিছু প্রতিবাদ কর্মসূচী হয়েছে এবং কয়েকটি খোদ ডাভোসেই। আগামী ২৭ জানুয়ারি শনিবার গোটা সুইজারল্যান্ড জুড়ে প্রতিবাদ জানাবে তারা বলে ঘোষণা এসেছে।