বরাদ্দ তহবিলের তিন চতুর্থাংশ ব্যবহার করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়
গত অর্থবছরে স্বাস্থ্য কর্মসূচিতে বরাদ্দ তহবিলের ৭৫ শতাংশেরও বেশি ব্যবহার করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রনালয়। সরকারি এক নিরীক্ষা প্রতিবেদনে জানানো হয়েছে এ কথা। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রক্রিয়াকে আরো আধুনিক করার জন্য এই তহবিলের যোগান দিয়েছিল উন্নয়ন অংশীদাররা। গত অর্থবছরে মোট বরাদ্দকৃত ৭১৩ কোটি ৭৬ লাখ টাকার মধ্যে বিশ্ব ব্যাংকের নেতৃত্বে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) দেওয়ার কথা ৫৯৬ কোটি ৯৭ লাখ টাকা। বাকিটুকু দিতে সম্মতি জানিয়েছিল বাংলাদেশ সরকার।
বিদেশী সাহায্যপুষ্ট প্রকল্পের নিরীক্ষা অধিদপ্তরের (ডিএফএপি) এই প্রতিবেদনে বলা হয়েছে, “বৈদেশিক মুদ্রা বিনিময় হিসেবে আইডিএ তহবিলের মাত্র ১৪৩ কোটি ৮০ লাখ টাকা জমা পড়েছে। ২০০৫-০৬ অর্থবছরে সরকারকে বঞ্চিত হতে হয়েছে ৪৫৩ কোটি ১৭ লাখ টাকা থেকে।”
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য মন্ত্রনালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা অবশ্য প্রতিবেদনটির সমালোচনা করে বলেছেন এতে পর্যাপ্ত তথ্যাদির অভাব রয়েছে, “নিরীক্ষকরা সব প্রকল্পের তথ্য যোগাড় করতে ব্যর্থ হয়েছেন।” তবে তিনি এও জানিয়েছেন তহবিল ব্যবহারে দুর্ব্যবস্থাপনায় একটি বড় কারণ হচ্ছে প্রকল্প প্রধানদের স্বল্পতা।
২০১০ সালের মধ্যে স্বাস্থ্য খাতকে আধুনিক করার লক্ষ্যে ২০০৩ সালে ৪৩০ কোটি ডলারের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচী (এইচএনপিএসপি) অনুমোদিত হয়। প্রকল্পের মোট খরচের ৬০ ভাগ বহন করার দায় নেয় বাংলাদেশ সরকার এবং বাকিটুকু দিতে সম্মত হয় বিশ্ব ব্যাংকের নেতৃত্বাধীন দাতারা।
এইচএনপিএসপির অধীনে ৩৮টি পরিকল্পনা নিয়ে কাজ করছেন ৩৮ জন পরিচালক। তারা কর্মসূচি বাবদ ব্যয় করে তার খুটিনাটি জানান দেন স্বাস্থ্য মন্ত্রনালয়কে। এবং তা প্রধান হিসাব রক্ষকের কাছে পাঠানো হয় মন্ত্রনালয় থেকে। তিনি তা পাঠিয়ে দেন মহাহিসাব নিরীক্ষকের কাছে। মহাহিসাব নিরীক্ষকই কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশনা দেন বৈদেশিক মুদ্রা তহবিল থেকে দাতাদের টাকাটা সংশ্লিষ্ট খাতে প্রেরণের।
বিশ্ব ব্যাংক ছাড়াও, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ, ইউরোপীয় কমিশন, হল্যান্ডের দূতাবাস, সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা এবং জাতিসংঘের জনসংখ্যা প্রকল্পের তহবিল এই কর্মসূচিতে অনুদান দিয়েছে।
