তিনটি ডিপ্লোমা টেক্সটাইল কলেজে অনার্স কোর্স এ বছরেই
দেশের তিনটি ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এ বছর থেকেই অনার্স কোর্সে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আরও তিনটি ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজেও চার বছরের অনার্স কোর্স চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বস্ত্র দপ্তরের পরিচালক এস এম আবদুল বাতেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত অর্থবছর ও চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চট্টগ্রাম জোড়াগঞ্জ টেক্সটাইল কলেজ, বেগমগঞ্জ টেক্সটাইল কলেজ এবং পাবনা টেক্সটাইল কলেজে চার বছরের অনার্স কোর্স চালু করার জন্য এগুলোকে ডিগ্রী কলেজে উন্নীত করা হয়েছে।
তিনি আরো জানান, টাঙ্গাইল, বরিশাল ও দিনাজপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকেও ডিগ্রী কলেজে উন্নীত করার জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাভূক্ত করতে বস্ত্র মন্ত্রণালয়ে প্রস্তাবিত একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বিবেচনাধীন রয়েছে।
বস্ত্র দপ্তর সূত্র জানায়, জোড়াগঞ্জ টেক্সটাইল কলেজে আগামী ফেব্র“য়ারি মাস থেকে এবং পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আগামী মার্চ থেকে ডিগ্রী কোর্সের প্রথম ক্লাস শুরু হচ্ছে। তবে এসব কলেজে এখনও এক শিফটে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে এবং তা ২০১৩ সাল পর্যন্ত চলবে।বিআইটিটি আগামী দুই মাসের মধ্যে কার্যক্রম চালু করতে যাচ্ছে।
আবদুল বাতেন জানান, দেশে টেক্সটাইল প্রযুক্তিবিদের ব্যাপক চাহিদা থাকার কারণে বস্ত্র মন্ত্রণালয় বগুড়া, লালমনিরহাট, খুলনা ও টঙ্গীতে আরো চারটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী কলেজ স্থাপনের জন্য পরিকল্পনা প্রণয়ন করেছে।
টেক্সটাইল প্রযুক্তিবিদের চাহিদা বাড়ায় ১৯৯৪ সালের পর দেশে ছয়টি ডিপ্লোমা কলেজ এবং একটি বিআইটিটি এবং প্রায় ২৫টির বেশি মাধ্যমিক সমমানের ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে।
