ঢাকার শেয়ার বাজারে সর্বোচ্চ লেনদেন
ঢাকার শেয়ার বাজারে রোববার একশত ১০ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে যা এ পর্যন্ত দেশের সর্বোচ্চ।
বিনিয়োগকারীদের মধ্যে রাজনৈতিক উৎকন্ঠা কেটে যাওয়ায় পর মুদ্রা বাজার থেকে পুঁজি বাজারে অর্থের সরবরাহ বাড়ার কারণে লেনদেন বাড়ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
১৯৯৬ সালের ১৩ নভেম্বর দেশের পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ একশত ছয় কোটি টাকা লেনদেনের রেকর্ডও ভঙ্গ করেছে।
সর্বশেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট লেনদেনের পরিমাণ ছিল একশত চার কোটি ৭০ লাখ টাকা।
ডিএসই এর সভাপতি আব্দুল্লাহ বোখারী রোববার সাংবাদিকদের বলেন, আজকের লেনদেনের পরিমাণ খুব বেশি বলে আমরা মনে করি না। বাজারের সার্বিক মূলধনের পরিমাণ বর্তমান জিডিপির আকারের চেয়ে অনেক কম। মোট লেনদেনের পরিমাণ দুইশত কোটি টাকা হলেও কোনো অসুবিধা নেই।
তিনি বলেন, রাজনৈতিক উৎকন্ঠা নিরসনের ফলে মুদ্রা বাজার থেকে টাকার প্রবাহ বাড়ার কারণে লেনদেন এই পর্যায়ে আসে।
ডিএসই এর মোট বাজার মূলধনের পরিমাণ ৩৩ হাজার ৭শত ৬৫ কোটি টাকা থেকে বেড়ে ৩৪ হাজার চারশত ২৫ কোটি টাকা হয়েছে। ২০০৫--০৬ অর্থবছরে জিডিপি (মোট দেশজ উৎপাদন ও সেবার পরিমাণ) ছিল চার লাখ ১৬ হাজার একশত ৫৪ কোটি টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিমাণ ২১ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা থেকে বেড়ে ২৭ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা হয়েছে।
শেয়ার বাজারে ১৯৯৬ সালের বিপর্যয়ের প্রসঙ্গ টেনে ডিএসই এর সহ-সভাপতি আহমেদ রশীদ লালি বলেন, বর্তমানে বাজার ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। ১৯৯৬ এর মতো আতংকিত হওয়ার কিছু নেই।
বোখারী বিপুল লোকসান এড়াতে বিনিয়োগকারীদের শেয়ারের মূল্য অনুপাতে আয় এবং লেনদেনের পরিমাণ দেখে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন।
ডিএসই সাধারণ শেয়ার সূচক ৪৩ পয়েন্ট বা ২ দশমিক ৫০ শতাংশ বেড়ে ১৭৫৬ দশমিক ৫৩ পয়েন্টে দাড়িয়েছে।
ডিএসই--২০ ব্লু-চিপ (ভালো মানের শেয়ার) শেয়ার সূচক ২৪ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ৬২ শতাংশ বেড়ে ১৫৪৬ দশমিক ১০ পয়েন্ট হয়েছে।
ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩১ দশমিক ৩০ পয়েন্ট বা ২ দশমিক ২৫ শতাংশ বেড়ে ১৪২১ দশমিক ৯২ পয়েন্ট হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক শেয়ার মূল্য সূচক ২ শতাংশ বেড়ে ৩৯৮৫ দশমিক ৬৮ পয়েন্ট হয়েছে।
সিএসই--৩০ সূচক ১ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৩৬৪৫ দশমিক ৫১ পয়েন্ট হয়েছে। অন্যদিকে বাছাই করা শেয়ারের মূল্য সূচক ২ দশমিক ২৩ শতাংশ বেড়ে ২৬৪৪ দশমিক ৫৬ পয়েন্টে দাড়িয়েছে।
ডিএসই এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালেহউদ্দিন আহমেদ খান বলেন, বাজার এখন দ্রুত বাড়ছে। তবে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থাকায় বাজার স্থিতিশীল রয়েছে বলে আমরা দেখতে পারছি।
তিনি বলেন, মুদ্রা বাজারে অস্থিতিশীলতা বা আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্য বৃদ্ধির মতো বাইরের বিষয়গুলো প্রভাব না ফেললে বাজার বাড়তে থাকবে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ১১ কোটি ৫ লাখ টাকার শেয়ার বিক্রি করে রোববার লেনদেন তালিকার শীর্ষে ছিল। এর পরের অবস্থানেই ছিল ডেসকো।
পিজিসিবির শেয়ারের দাম ৫ দশমিক ০৯ শতাংশ বেড়ে ২৯৯ টাকা হয়েছে। অন্যদিকে ডেসকোর শেয়ারের দাম ৪ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৪৬০ টাকা ২৫ পয়সা হয়েছে।
লেনদেন তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা সাউথইস্ট ব্যাংক ও যমুনা ব্যাংকের শেয়ারের দাম যথাক্রমে ৩ দশমিক ০৪ শতাংশ ও ৬ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৩৮৮ টাকা ৭৫ পয়সা এবং ৩২৪ টাকা হয়েছে।
এছাড়া ডিএসইতে শ্যামপুর সুগার, লংকা বাংলা ফিন্যান্স ও রংপুর ফাউন্ডারির শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে গলফ ফুডস, আনোয়ার গ্যালভানাইজিং এবং জার্মান বাংলা ফুডের শেয়ারের দাম কমেছে।
ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ১৭৮ টির দাম বেড়েছে, ২২ টির দাম কমেছে এবং ছয়টি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
অন্যদিকে সিএসইতে ৮০ টি শেয়ারের দাম বেড়েছে, ১৩ টির দাম কমেছে এবং পাঁচটি শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
