সিইউএফএল এ আংশিক উৎপাদন শুরু
১১ দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে আংশিক উৎপাদন শুরু হয়েছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানায়।
নদীপথে প্রায় ১৫ কিলোমিটার উজানে অবস্থিত মদুনা ঘাট থেকে বার্জে করে মিঠা পানি এনে ইউরিয়া উৎপাদনের প্রক্রিয়া শুরু করেছে সিইউএফএল কর্তৃপক্ষ। কিন্তু এতদূর থেকে বার্জে করে পর্যাপ্ত পানি বহন করা যাচ্ছে না বলে পূর্ণ উৎপাদনে যেতে পারছে না ইউরিয়া ইউনিটগুলো।
সূত্র জানায়, পানির অপর্যাপ্ততার পাশাপাশি সকাল থেকে বিকাল পর্যন্ত গ্যাসের চাপ কম থাকায় সারাদিন কোনোমতে ইউরিয়া ইউনিটগুলো চালু রাখা গেলেও উৎপাদনের পরিমাণ ছিল খুবই কম।
দৈনিক ১৭’শ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের বৃহত্তম এ সার কারখানার ইউরিয়া ইউনিট পুরোদমে চালু রাখার জন্য প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন পানির প্রয়োজন। অথচ বর্তমানে একটি বার্জে করে কর্ণফুলী নদীর উজানে হালদা নদীর মদুনা ঘাট থেকে কয়েকবারে দৈনিক পাঁচ হাজার টন পানি পর্যন্ত সরবরাহ করা যাচ্ছে।
সিইউএফএল এর ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দিন বলেন,“ বিকল্প উপায়ে সামান্য পানির ব্যবস্থা করা সম্ভব হওয়ায় শুক্রবার সকাল থেকে ইউরিয়া ইউনিট চালু করা গেছে। এর পাশাপাশি গ্যাস সংকট চলতে থাকায় পুরোদমে উৎপাদনে যাওয়া যাচ্ছে না।”
পূর্ণ মাত্রায় উৎপাদনে যেতে আরও বেশ কিছু সময় লাগতে পারে বলে তিনি জানান।
এর আগে নগরীর কালুরঘাট এলাকা থেকে সিইউএফএল কর্তৃপক্ষ পাইপের মাধ্যমে এ পানি সংগ্রহ করত। সাম্প্রতিক সময়ে কর্ণফুলী নদীর পানিতে লবণাক্ততা বেড়ে গেলে ৮ জানুয়ারি থেকে সিইউএফএল এ ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।
সিইউএফএল সূত্র জানায়, বর্তমানে একটি বার্জে করে পানি বহন করা হচ্ছে। আরও দুই তিনটি বার্জ ভাড়া করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে স্থায়ী ভাবে পানি সরবরাহ নিশ্চিত করতে চারটি গভীর নলকূপ স্থাপন করার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ।
